স্বজনদের কাছে ফিরলেন ভারতে আটক হওয়া পাঁচ বাংলাদেশি
বেশ কয়েক বছর আগে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া পাঁচ বাংলাদেশি নাগরিক আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া সীমান্তের চেকপোস্ট দিয়ে তাঁরা দেশে ফেরেন। প্রবেশের পর আখাউড়া উপজেলা প্রশাসন তাঁদের ফুল দিয়ে বরণ করে নেয়। ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় এই পাঁচজনকে দেশে ফেরত আনা হয়েছে।
আখাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার প্রথম আলোকে জানান, দেশে ফেরা ওই ছয়জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাঁচ বাংলাদেশি নাগরিক হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা সন্তোষ দে (৬০), নারায়ণগঞ্জের বন্দর থানার বিজয় চুন্নু (৩০), মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক নারী (৫৫), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার অপর এক নারী (৩৮) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার এক যুবতী (৩৬)।
আখাউড়া সীমান্তের শূন্যরেখায় তাঁদের গ্রহণ করার সময় ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়ার ইউএনও রোমানা আক্তার, ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান, আখাউড়া ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর এবং ভারত থেকে ফেরত আসা ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, ভারত থেকে ফেরা এই পাঁচ বাংলাদেশি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ত্রিপুরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে দেশটির আদালতের নির্দেশে তাঁরা আগরতলার মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন চিকিৎসার পর চারজন সুস্থ ও স্বাভাবিক হন। একজন মানসিকভাবে সুস্থ হলেও শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। তিনি অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। দেশে ফেরা এই ৫ ব্যক্তির মধ্যে সন্তোষ দে ৭ বছর আগে, এক নারী ৯ বছর আগে, অপর নারী ১২ বছর আগে, যুবতী ৯ বছর আগে ও বিজয় চুন্নু ৪ বছর আগে নিখোঁজ হন।
ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান প্রথম আলোকে বলেন, যাঁরা আজ দেশে ফিরেছেন, তাঁরা সীমান্ত অতিক্রম করে ভারতে পৌঁছালেন কীভাবে, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সীমান্ত থেকে তাঁদের বাড়ি অনেক দূরে। তাঁদের পক্ষে একা সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়া সম্ভব নয়। এখানে পাচারকারী একটি চক্র সক্রিয় আছে। চক্রটিকে খুঁজে বের করতে হবে।
ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, যাঁরা ফিরেছেন, তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত। তাঁরা কিছুই স্মরণ করতে পারছেন না। কীভাবে তাঁরা সেখানে পৌঁছালেন, সেটিও তাঁদের মনে নেই। পাচারের বিষয়ে পরিবারের পক্ষ থেকেও সুনির্দিষ্ট তেমন কোনো অভিযোগ নেই। কীভাবে তাঁরা ভারতে গেছেন, বিষয়টি ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।