স্বজনদের প্রতীক্ষায় 'সিডরের গ্রাম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোৎস্না বেগম
জ্যোৎস্না বেগম

কাঞ্চনবাড়িয়া গ্রামটা কোন দিকে? প্রশ্নটা করতেই পাল্টা প্রশ্ন ছুটে আসে—সিডরের গ্রামে যাইবেন? আশপাশের অনেকগুলো গ্রামের মানুষের কাছে কাঞ্চনবাড়িয়া ‘সিডরের গ্রাম’ হিসেবে একনামেই পরিচিত। এটা তো সেই গ্রাম, যার ২৮ অধিবাসীকে কেড়ে নিয়ে গেছে প্রলয়ংকরী ওই ঘূর্ণিঝড়। ১৫ জনের লাশ আজও পাওয়া যায়নি।

হঠাৎ যদি ওই ১৫ জনের কেউ ফিরে আসে? পটুয়াখালীর গলাচিপার আমখোলা ইউনিয়নের গ্রাম কাঞ্চনবাড়িয়া ১০ বছর ধরে সেই প্রতীক্ষায় আছে। ৮০ বছরের এই বৃদ্ধ আট স্বজনের লাশ পেয়েছেন। তবে তিন স্বজন আজও নিখোঁজ। জ্যোৎস্না নিজেও ভাগ্যক্রমে সেদিন প্রাণ নিয়ে ফিরতে পেরেছিলেন। সেই দুর্বিষহ স্মৃতির বোঝা আজও বয়ে বেড়াচ্ছেন।

৯ নভেম্বর বিকেলে কাঞ্চনবাড়িয়া গ্রামে গিয়ে যখন এ বৃদ্ধের সঙ্গে কথা হচ্ছিল, তিনি কিছুক্ষণ পরপর ডুকরে কেঁদে উঠছিলেন। সিডরের প্রসঙ্গটা তুলতেই বলেন, ‘বইন্যা আমাগো শেষ কইরা দিছে। কাইড়া নিয়েছে আমাগো “পল্লান” বাড়ির আটজনরে। লাশ খুঁইজ্যা পাই নাই তিনজনের। জানি না তারা বাঁইচা আছে কি না।’

কাঞ্চনবাড়িয়া গ্রামের বেশির ভাগ মানুষই খুব গরিব। মৌসুমি শ্রমিক হিসেবে তারা বছরের ছয় মাসই বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা দ্বীপে থাকে। অক্টোবরের শেষের দিকে বাড়ি ছাড়ে; ফেরে এপ্রিলের দিকে। নারী-পুরুষের পাশাপাশি বাড়ির শিশুরাও যায়। সেবার কমবেশি যে ২৫০ জন রাঙ্গাবালীর বড় বাইশদিয়া ইউনিয়নের চর কলাগাছিয়ায় যান, তাঁদের একজন জ্যোৎস্নাও। সেখানে তাঁরা দৈনিক মজুরিতে মাছ কাটা ও শুঁটকির কাজ করতেন।

সিডরের সেই রাতের বর্ণনা দিয়ে জ্যোৎস্না বেগম বলেন, ‘বইন্যা আইবে বুঝলেও হেইহান থেইক্যা আমাগো আওয়ার কোনো ব্যবস্থা ছিল না। রাইত বাড়ে, আরও বাতাসও বাড়তে থাহে। বাতাসের মধ্যে একটা বড় গাছের নিচে আছিলাম। হঠাৎ দেহি পানি হু হু কইরা বাড়ছে। কোনো পথ পাইছিলাম না। বাড়ির কেডা কোন জায়গায় আছে তাও জানি না। অন্ধকারের মধ্যে ভাইস্যা যাইতেছিলাম। একসময় গাছের লগে জেলেগো একটা ট্রলার পাইলাম। বাঁচনের লইগা কান্নাকাটি করলে জেলেরা হাত ধইরা টাইনা ট্রলারে ওঠায়।’

এভাবে বেঁচে যান জ্যোৎস্না বেগম। পরদিন সকালে স্বজনদের খুঁজতে বের হন। দেখতে পান, গাছে গাছে শুধু লাশ ঝুলে আছে। একে একে পল্লান বাড়ির জাহানারা বেগম (২৫), গোল চেহারা (৩০), নুরুন্নাহার (২৫) ও সাইদুলের (১৫) লাশ গাছ থেকে নামানো হলো। অন্য চারজনের লাশ মিলল এখানে-ওখানে। তবে বাড়ির তিন শিশু অসীম (৫), হালিমা (৩), আফিয়া (৫) আজ পর্যন্ত নিখোঁজ। তারাও জোৎস্নার সঙ্গে ওই চরে কাজ করতে গিয়েছিল।

পল্লান বাড়ির পাশেই মোর্শেদা বেগমের (৪০) বাড়ি। ওই বছর স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে তিনিও গিয়েছিলেন চর কলাগাছিয়ায়। সিডরের আঘাত সয়েও প্রাণ নিয়ে বাড়ি ফেরেন মোর্শেদা ও তাঁর স্বামী আলাউদ্দিন। তবে একমাত্র ছেলে নাজমুলকে (১০) কেড়ে নেয় সিডর। আজও লাশ খুঁজে পাওয়া যায়নি। মোর্শেদা সে সময় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে কোমরে আঘাত পান। এরপর থেকে আর হাঁটাচলা করতে পারেন না। সারাক্ষণ বসে বসে দিন কাটে।

মোর্শেদা বলেন, ‘ছেলেটাকে শক্ত করে ধরে রেখেছিলাম। গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার সময়ই হাত থেকে সে ফসকে যায়। কখন যে ছেলে হাত থেকে বেরিয়ে গেছে, বুঝতেও পারিনি।’

আলাউদ্দিন বলেন, স্ত্রী মোর্শেদা সারাক্ষণ চেয়ারে বসে শুধু রাস্তার দিকে তাকিয়ে থাকেন। যদি ছেলে ফিরে আসে, সে জন্যই এ অপেক্ষা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওই রাতের পর কত মানুষের লাশ গাছ ও ঝোপঝাড় থেকে উদ্ধার করেছি। স্বজনদের কাছে তুলে দিয়েছি। কিন্তু আমার ছেলের লাশ খুঁজে পেলাম না।’

কাঞ্চনবাড়িয়ার স্বজন হারানো সবাই এই ১০ বছর ধরে দুঃসহ স্মৃতির বোঝা বয়ে বেড়াচ্ছেন। নভেম্বর মাস এলে সেই যন্ত্রণা আরও বেড়ে যায়। হারিয়ে যাওয়া মুখগুলোর প্রতীক্ষায় বৃথা প্রহর গোনেন।