স্বজনদের ফেলে যাওয়া মৃত সেই নারী করোনায় আক্রান্ত নন

নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে মারা যাওয়া যেই নারীকে তাঁর স্বজনেরা নিতে রাজি হননি, সেই নারী করোনায় আক্রান্ত ছিলেন না। হাসপাতালে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় গতকাল রোববার রিপোর্ট নেগেটিভ এসেছে।
ওই নারীর মৃত্যুর পর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়ে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ৩০০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সামসুদ্দোহা সঞ্চয় বলেন, ওই নারীর নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৯ এপ্রিল করোনার উপসর্গ ঠান্ডা–জ্বর নিয়ে ওই নারীকে শহরের খানপুর ৩০০ শয্যা করোনা হাসপাতালে ভর্তি করেন তাঁর স্বামী পরিচয়ে এক ব্যক্তি। সেখানে ওই নারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলেও তাঁর পরীক্ষার রিপোর্ট আসেনি। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে গত বৃহস্পতিবার পিসিআর ল্যাব উদ্বোধন করা হলেও ওই নারীর করোনা পরীক্ষা করা হয়নি। শনিবার রাতে ওই নারী মারা যান।
এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সামসুদ্দোহা সঞ্চয় জানান, ওই নারী রোগীকে ভর্তির সময় নমুনা পরীক্ষা করা হলেও তাঁর রিপোর্ট আসেনি। ভর্তির পর থেকে ওই রোগীর স্বজনেরা তাঁর টেককেয়ারে অসহযোগিতা করেছেন। রোগীকে কয়েকটি টেস্ট করার জন্য দেওয়া হয়, কিন্তু রোগী তা করেননি। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাঁকে ওষুধ সেবন করিয়েছেন। হাসপাতালে আইসিইউ সুবিধা নেই। রোগীর অবস্থার অবনতি হলে তাঁকে তিনবার ঢাকায় রেফার্ড করার জন্য বলা হয়। কিন্তু রোগীর স্বজনেরা সহযোগিতা না করায় তাঁকে ঢাকায় পাঠানো সম্ভব হয়নি।
সামসুদ্দোহা সঞ্চয় আরও বলেন, ‘মৃত্যুর পর ওই নারীর নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তিনি বলেন, রোগীর তথ্য ফরমে যিনি স্বামী পরিচয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেছেন, তাঁর পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নই। তাঁর পরিচয় নিশ্চিত করতে পুলিশকে বলা হয়েছে।’
তবে হাসপাতালে চিকিৎসকদের গাফিলতি বা দায়িত্ব অবহেলার অভিযোগ অস্বীকার করে সামসুদ্দোহা সঞ্চয় বলেন, রোগী মারা যাওয়ার পরও রোগীরা স্বজনেরা লাশ নিতে আসেননি। পরে স্থানীয় কাউন্সিলরের সহযোগিতায় সিটি করপোরেশন তাঁর লাশ দাফন করেছেন।
এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, করোনায় আক্রান্তের তালিকায় ওই নারীর নাম নেই।