স্বজনের মৃত্যুর খবর পেয়ে দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মা-মেয়ের মৃত্যু, নিখোঁজ ৩
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনায় নৌকার আরও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ।
মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুর জামান দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুজন হলেন মাহিনূর বেগম (৫৫) ও তাঁর মেয়ে নাসরিন বেগম (২৫)। তাঁদের বাড়ি উপজেলার মাঝের চরে।
পুলিশ কর্মকর্তা তৌহিদুর জামান বলেন, এক স্বজনের মৃত্যুর খবর শুনে মেহেন্দীগঞ্জ উপজেলার মাঝের চরের ১১ বাসিন্দা একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে একই উপজেলার দলিল খাজুরিয়া এলাকায় যাচ্ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা মাঝের চর থেকে রওনা দেন। গজারিয়া এলাকায় নদী উত্তাল থাকায় তীব্র ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টহল দলের সদস্যরা এগিয়ে আসেন। তাঁরা নৌকার যাত্রী মাহিনূর বেগম ও তাঁর মেয়ে নাসরিন বেগমের লাশ উদ্ধার করে। বাকি ছয়জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো তিনজন নিখোঁজ।
পুলিশ পরিদর্শক তৌহিদুর জামান আরও জানান, নৌকাডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। তবে নিখোঁজ ওই তিনজনের নাম জানা যায়নি।