স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকার সমর্থকদের হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলায় আহত এএসআই মো. কাউছার। শনিবার বিকেলে হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) মুশফিকুর রহমানের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

এ সময় পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউছার, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান, পাঁচজন ইউপি সদস্য প্রার্থীসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর সাতটি মোটরসাইকেল ছিনিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ বিকেলে স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান ও তাঁর অনুসারী বিভিন্ন ওয়ার্ডের সদস্য প্রার্থীরা ৩৫-৪০টি মোটরসাইকেল নিয়ে হাতিয়া বাজারে প্রচারণায় যান। এ সময় সেখানে নৌকার প্রার্থী আক্তার হোসেনের অনুসারীরা তাঁদের ওপর হামলা চালান।

হামলাকারীরা বহরে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যান। তাঁদের হামলায় ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী এএসআই মো. কাউছারের মাথা ফেটে যায়। এ ছাড়া হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মাহবুবুর রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের আবু বকর ছিদ্দিক ও আলমগীর হোসেন, ২ নম্বর ওয়ার্ডের দ্বীন ইসলামসহ আরও কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। তাঁদের পার্শ্ববর্তী সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার শিকার চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান অভিযোগ করেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর তিনি প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন। তাঁদের মোটরসাইকেলের বহর হাতিয়া বাজারে যাওয়ামাত্র নৌকার প্রার্থী আক্তার হোসেনের সমর্থকেরা হঠাৎ তাঁদের ওপর হামলা চালান। এ সময় বেধড়ক পিটুনিতে তিনি, পাঁচজন সদস্য প্রার্থীসহ ১৩-১৪ জন আহত হয়েছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী আক্তার হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল বহর নিয়ে নির্বাচনী প্রচারণায় হাতিয়া বাজার এসে তাঁর সমর্থক শাহেদকে বেধড়ক মারধর করেন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে তাঁদের ধাওয়া দেন। তবে সেখানে কারও ওপর হামলা বা কোনো গাড়ি-ভাঙচুরের ঘটনা ঘটেনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, হাতিয়া বাজারে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী প্রচারণায় বের হলে নৌকার প্রার্থীর লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশের বিশেষ শাখার একজন এএসআই আহত হয়েছেন। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ দুই পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মো. আমির হোসেন আরও বলেন, ঘটনার পর এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।