স্বতন্ত্রকে সরাতে হুমকি-ধমকির অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মঈনুদ্দিন চৌধুরী অভিযোগ করেছেন, তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি–ধমকি দেওয়া হচ্ছে। ক্ষমতাসীন দলের প্রার্থী রুহুল্লা চৌধুরী ও তাঁর পক্ষে স্থানীয় সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর স্ত্রী রেজিয়া রেজা ফোন করে হুমকি দিচ্ছেন। আজ বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মঈনুদ্দিন চৌধুরী এসব অভিযোগ করেন।
মঈনুদ্দিন চৌধুরী এক লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ‘রাজাকারের সন্তান রুহুল্লা চৌধুরীকে সাতকানিয়ার চরতী ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। নৌকা প্রতীকে রাজাকারের উত্তরসূরিকে চেয়ারম্যান পদে নির্বাচন করানোর বিষয়টি মানতে না পেরে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
মঈনুদ্দিন চৌধুরী আরও বলেন, ‘মনোনয়ন পাওয়া রুহল্লা সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর শ্যালক। তাই তারা অত্যন্ত প্রভাবশালী। মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ২১ জানুয়ারি রাত ১২টায় অজ্ঞাতনামা ৫০–৬০ জন মুখোশধারী সন্ত্রাসী আমার দক্ষিণ চরতী এলাকার গ্রামের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালাগালি ও হুমকি দিয়ে আসে। পাশাপাশি ঘরের দেয়ালে আঘাত করে পরিবারের সদস্যদের মধ্যে ভয়ভীতি তৈরি করে।’
২২ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার না করলে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন মঈনুদ্দিন। তিনি বলেন, ‘২২ জানুয়ারি ওমর আলী মাতব্বর রোডে শতাধিক মুখোশধারী সন্ত্রাসী আমার বাসায় গিয়ে শাসাতে থাকে এবং আমার পরিবারের সদস্যদের অপহরণ, খুন ও গুম করার হুমকি দেয়। এমনকি সন্ত্রাসীরা আমার মেয়ের শ্বশুরবাড়িতেও হুমকি দিয়ে আসে। তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ সময় নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বলেন, ‘আগামী ৭ ফেব্রুয়ারি চরতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি লড়াই করতে চাই। আগামীকাল থেকে প্রচারণায় নামার চিন্তাভাবনা আমার আছে।’
নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন মঈনুদ্দিন চৌধুরী।