নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাপলা বেগমের স্বামী ও ছেলেকে অপর এক স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকেরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাপলা বেগমের (টেলিফোন প্রতীক) দেবর মনোয়ার হোসেন নুনুজ গ্রামে ভোট চাইতে যান। তিনি কয়েকটি বাড়িতে গিয়ে তাঁর ভাবির টেলিফোন প্রতীকে ভোট চান। মনোয়ার হোসেন গ্রামে ঢুকে টাকা দিয়ে তাঁর ভাবির জন্য ভোট কিনছেন বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। তখন গ্রামের কিছু লোকজন মনোয়ারকে আটকে রাখেন। এ খবর শুনে মনোয়ারকে মুক্ত করতে শাপলা বেগমের স্বামী আনোয়ার হোসেন ও ছেলে শাওন ইসলাম সেখানে যান। এ সময় শাপলা বেগমের স্বামী ও ছেলেকে মারধর করা হয়। খবর পেয়ে শাপলা বেগম তাঁর কয়েকজন কর্মীকে নিয়ে সেখানে গিয়ে স্বামী, ছেলে ও দেবরকে নিয়ে আসেন। এরপর পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাপলা বেগম বলেন, ‘আমার দেবর ভোট চাইতে নুনুজ গ্রামে গিয়েছিল। আমার দেবর টাকা দিয়ে ভোট কিনছে—এমন মিথ্যা কথা ছড়ানো হয়। এরপর স্বতন্ত্রপ্রার্থী আবদুল আলিমের (চশমা) কর্মী-সমর্থকেরা সেখানে গিয়ে আমার দেবরকে আটকে রাখেন। আমার স্বামী ও ছেলে সেখানে গেলে আবদুল আলিমের কর্মী-সমর্থকেরা তাদের মারধর করেন। এতে আমার স্বামী ও ছেলে আহত হয়।’
শাপলা বেগমের স্বামী ও ছেলেকে মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আলিম বলেন, ‘আমার কর্মী-সমর্থকেরা শাপলা বেগমের স্বামী ও ছেলেকে মারধরের ঘটনার সঙ্গে জড়িত নন। স্বতন্ত্রপ্রার্থীর কর্মী-সমর্থকেরা নিজেরাই এসব ঘটনা সাজিয়েছেন। আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আনা শাপলা বেগমের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’
এ বিষয়ে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।