স্বপ্নপূরণে ছুটতে চায় তারা
মা-বাবার স্বপ্নপূরণে চেষ্টার কমতি নেই তাদের। অনেক কষ্টে পড়াশোনা করে সাফল্য পাওয়া চার মেধাবীর গল্প নিয়ে এই আয়োজন।
অভাব তাঁদের নিত্যদিনের সঙ্গী। কেউ দিনমজুরি করে, কেউ আয়ার কাজ করে সংসার চালান। সব সংকট কাটিয়ে তাঁদের একটিই চাওয়া, ছেলেমেয়ে লেখাপড়া করে বড় মানুষ হবে। সন্তানেরাও মা-বাবার স্বপ্নপূরণে এগিয়ে চলেছে। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তারা। এবার ভালো কলেজে ভর্তি হয়ে স্বপ্নের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার পালা। তবে সেখানে বাধা
হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। পড়াশোনার খরচের সংস্থান নিয়ে দুশ্চিন্তায় পড়া চার অদম্য মেধাবীর গল্প থাকছে আজ। করোনায় বাবা হারানো সাকিবের সাফল্য বাড়ির ছয় শতক ছাড়া আর কোনো জমি নেই সাকিবদের। গেল বছর করোনায় আক্রান্ত হয়ে ট্রাকচালক বাবা আনসারুল হক মারা গেছেন।
এরই মধ্যে সাকিব এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সুযোগ পেয়েছে ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভর্তির। প্রথম দফার
সাত হাজার টাকা জোগাড় করে দিয়েছেন বেসরকারি চা-কারখানায় চাকরি নেওয়া সাবিকের বড় ভাই, যা দিয়ে কলেজে ভর্তি হয়েছে। কিন্তু এর পরের খরচ কীভাবে আসবে, তাই নিয়ে চিন্তায় পঞ্চগড় সদরের ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পূর্বপাড়া এলাকার বাসিন্দা সাকিব আহম্মেদ।
সাকিব বলে, ‘বাবা ট্রাকচালক হলেও আমাদের লেখাপড়ার জন্য তাঁর আগ্রহটা ছিল সবচেয়ে বেশি। কিন্তু বাবাকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। কলেজে ভর্তি হলেও পড়াশোনার খরচ কীভাবে আসবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’
মায়ের স্বপ্নপূরণে এগিয়ে চলছে মুক্তা
মায়ের স্বপ্ন ছিল, লেখাপড়া করে আলোকিত মানুষ হবে মুক্তা। মাকে দেওয়া কথা রেখেছে সে। কিন্তু তার মা তানিয়া আক্তার আর পৃথিবীতে নেই। মায়ের মৃত্যুর পর বাবা মিজানুর রহমানের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। একমাত্র ভরসা নানি শেফালী খাতুন, তাঁর আঁচলে থেকে লেখাপড়া করে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে বগুড়ার ধুনট উপজেলার মনেজা আক্তার মুক্তা।
মুক্তা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমি মায়ের সেই স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে গেলাম। কিন্তু মা নেই। নানি তো আর পারছে না। অভাবের সংসার। এখন কে নেবে আমাকে শেষ গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব?’
ধুনট সরকারি এনইউ পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাফিজ উদ্দীন বলেন, ‘আমি মা-হারা অদম্য মেধাবী ছাত্রী মুক্তার জীবনের সাফল্য কামনা করি।’