স্বপ্নভঙ্গের বেদনায় লাখো কৃষক

কৃষক আবদুর রহিম (৭৫) ছয় বিঘা জমিতে আমনের চারা রোপণ করেছিলেন। সেচ, হালচাষ, চারা কেনা ও রোপণ করা এবং সার বাবদ খরচ হয়েছিল ২৫ হাজার টাকা। আশা ছিল, ১০০ মণ ধান তুলবেন। এই ধানে পরিবারের ভাত-কাপড় নিশ্চিত হওয়া ছাড়াও রবি ফসল লাগানোর পুঁজিও উঠে আসবে; হবে পিঠা-পুলির উৎসব।
কিন্তু রহিমের সব আশাই ভেসে গেছে বানের পানিতে। নষ্ট হয়ে গেছে পুরো আমনখেত। শুধু আমনই নষ্ট হয়নি, নষ্ট হয়েছে ১৪ শতক জমির আখ ও কচুখেতও। ভেসে গেছে খালে জাগ দেওয়া ৩০ শতক জমির পাট। দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাঁর। বগুড়ার কাশাহার গ্রামের এই কৃষকের মতো একই অবস্থা উত্তরাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত নয় জেলার কয়েক লাখ কৃষকের।
অনেক কৃষকের অভিযোগ, চলতি বন্যায় তাঁরা কেবল ফসলেই মার খেয়েছেন তা নয়, নদীভাঙনে হারিয়েছেন ভিটেমাটিও। কিন্তু তাঁদের পুনর্বাসনে নেই কোনো উদ্যোগ। তা ছাড়া ক্ষুধার জ্বালার সঙ্গে কৃষি উপকরণ ও পুঁজির সংকট তো রয়েছেই।
উত্তরাঞ্চলের জেলাগুলোতে গত আগস্টের মাঝামাঝি শুরু হয়েছিল (১৪ আগস্ট) এবারের বন্যা। এরপর এক মাস পেরিয়ে গেছে। পানিও নেমে গেছে। কিন্তু রেখে গেছে ক্ষয়ক্ষতির চিত্র।
বগুড়া: কৃষক আবদুর রহিমের সঙ্গে গত রোববার সকালে কথা হয় কাশাহার গ্রামের পাশে কড়িতলা বাজারে। এ সময় জানান তাঁর কষ্টের কথা, ‘ঘরত ভাত নাই। হাতত পুঁজি নাই। চারা নাই। আমন আবাদ আর সম্ভব নয়। এখন সরকারের কাছে কোনো ভিক্ষা চাই না, সরিষা-আলুর মতো রবি ফসল আবাদের পুঁজি চাই।’
সরকারি হিসাবে, এ জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা এক লাখ ২৯ হাজার। ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ২৩ হাজার হেক্টর জসির ফসল। টাকার অঙ্কে এই ক্ষতি ১৪৩ কোটি টাকা। শুধু সারিয়াকান্দিতেই ক্ষতি হয়েছে ৭৬ কোটি টাকার ফসলের।
সারিয়াকান্দি ঘুরে দেখা যায়, কৃষিজমির কোনো কোনোটি এখনো রয়েছে পানির নিচে। কড়িতলা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘পাঁচ বিঘা জমির আমন, এক বিঘা সবজিখেত, চোখের সামনে সব শ্যাষ। হামরা ঘুরে দাঁড়াবার চাই। কিন্তু ট্যাকা দিলে তা দলের লোকের পকেটে যাবে। হামরায় টাকা চাই না, বিনা সুদে ঋণ চাই।’
রংপুর: বন্যায় জেলায় ৪০০ কৃষক পরিবারের ৫৯০ হেক্টর জমির আমন নষ্ট হয়েছে।
এদিকে নদীভাঙনে গৃহহীন হয়েছে জেলার ৫৩৩টি পরিবার, যার অনেকগুলোই কৃষক পরিবার। গঙ্গাচড়া উপজেলার পাইকান ব্যাংপাড়া গ্রামের বাচ্চু মিয়া বলেন, ‘নদীর ভাঙনোত তিনটা ঘর নষ্ট হয়া গেইছে। টাকার অভাবে একটা ঘরও ঠিক কইরবার পারি নাই। অন্যের বাড়িত কোনো রকমে জীবন কাটছে।’
নীলফামারী: ফসলের ক্ষতি পুষিয়ে উঠতে এ জেলার কৃষকেরা ভুট্টা চাষে সরকারি ঋণ-সহায়তার দাবি করছেন। ডিমলা উপজেলার পশ্চিম বাইশপুকুর গ্রামের গৃহবধূ মালেকা বেগম (৫০) বলেন, ‘গ্রামে এবার আর নবান্ন হবে না। কারও জমিতে ধান নাই। আমরা নদী এলাকায় বাস করি বলে সরকারও লোন দেয় না। সামনে ভুট্টার আবাদ আসছে, কিন্তু ভুট্টা চাষের খরচ পাব কোথায়?’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক এম এ ওয়াজেদ জানান, জেলায় ফসলের ক্ষতি হয়েছে তিন কোটি ৮০ লাখ ৮০ হাজার টাকার।
গাইবান্ধা: সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর—এই চার উপজেলায় তিন হাজার পাঁচ হেক্টর জমির ফসল পুরোপুরি বা আংশিক নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা ৩৭ হাজার ৬৪০টি। টাকার অঙ্কে ফসলের ক্ষতি ২৩ কোটি ৫৭ লাখ। সরকারের তরফে কোনো সহায়তা না পেয়ে অনেক কৃষক নিজস্ব ক্ষমতায় জমিতে চারা রোপণের চেষ্টা করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ক্ষতি পুষিয়ে নিতে গাঞ্জিয়া ধান, মাসকালাই, ভুট্টা, শাক-সবজি, মরিচ ও সরিষা চাষে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
জামালপুর: বন্যায় ক্ষতিগ্রস্ত ইসলামপুরের পূর্বপাড়া গ্রামের কছিরন বেগম বললেন ক্ষোভের কথা, ‘বন্যা আর নদীভাঙন শুরু হলে শহরতোনে বড় বড় এমপি ও সরকারি লোকজন আহেন। কিন্তু কই, এক সপ্তাহের বেশি হলো বানের পানি নেমে গেছে, ঘরবাড়ি ঠিক কইরা দেয় না তো তাঁরা? ঘরে খাওননি নাই। কিছু ধারদেনা করে সোজা হওয়ার চেষ্টা করছি।’ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সাতটি উপজেলায় বন্যায় ৩৯ হাজার ৭২৪ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়। ক্ষতিগ্রস্ত হন দুই লাখ ৪১ হাজার ৭৬৪ জন কৃষক। ফসলের ক্ষতির পরিমাণ ২৫৫ কোটি টাকা।
লালমনিরহাট: সরকারি হিসাবে, বন্যায় জেলায় ৬০৪ হেক্টর জমির রোপা আমন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচটি উপজেলায় এক হাজার ২৫০ হেক্টর জমির রোপা আমন তলিয়ে যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাফায়েত হোসেন বলেন, ইতিমধ্যে ৩১২ হেক্টর জমিতে বলান চারা দিয়ে পুনরায় ধান আবাদ করা হয়েছে।
সিরাজগঞ্জ: বন্যায় জেলার নয়টি উপজেলায় কৃষি খাতে ১৬৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে ২০ হাজার ৬২২ হেক্টর। সর্বাধিক ক্ষতিগ্রস্ত উপজেলা কাজীপুরে, আট হাজার ১২ হেক্টর জমির রোপা আমন ও সবজি। কাজীপুরের চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান বলেন, বন্যাদুর্গত পরিবারগুলো খাবার জোগাড় করবে, না জমি আবাদের টাকা গোছাবে, সে চিন্তায় দিশেহারা। কৃষকদের বিনা মূল্যে বীজ, সার, কৃষি উপকরণ ও সুদবিহীন ঋণ দেওয়া প্রয়োজন।
শেরপুর: চারটি উপজেলার প্রায় ছয় হাজার হেক্টর জমির আউশ, আমন ও সবজি নষ্ট হয়ে গেছে। কৃষকেরা এখন পর্যন্ত কোনো সরকারি সহায়তা পাননি। ফসলের সম্ভাব্য ক্ষতির পরিমাণ সাড়ে ৪৬ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৭ হাজার ৯৬০ জন কৃষক।
সম্প্রতি শেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রাম পরিদর্শন করে দেখা যায় ক্ষয়ক্ষতির ভয়াবহ সব চিত্র। খেতের ধানগাছ খড়ে পরিণত হয়েছে। অনেক খেত বালু ও পলির নিচে আছে চাপা পড়ে। কিছু জমির রোপা আমন এখনো রয়েছে পানিতে নিমজ্জিত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. ফজলুল করিম বলেন, ‘ক্ষয়ক্ষতির প্রতিবেদন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলে তা বিতরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
কুড়িগ্রাম: জেলায় কৃষি খাতের ক্ষতির পরিমাণ প্রায় ২৪০ কোটি ৭১ লাখ টাকা। এক লাখ ৮৯ হাজার ৬৩০ জন কৃষকের ৩২ হাজার ৩৯৫ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। পানি নেমে গেলেও ফসলের খেতের অবস্থা দেখে ভেঙে পড়েছেন কৃষকেরা। চরাঞ্চল ঘুরে দেখা গেছে, কিছু কৃষক গাঞ্জিয়া, ঢেপা, দশেয়া, শিলকোমল ধান পানিতে ভিজিয়ে বালু খেতের মধ্যে ছিটিয়ে দিচ্ছেন।
জেলা প্রশাসক এ বি এম আজাদ বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণ করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বরাদ্দ আসেনি।
মানিকগঞ্জ: সিঙ্গাইর উপজেলায় এবার দেড় হাজার হেক্টর জমিতে সবজির চাষ করা হয়। এর মধ্যে দেড় শতাধিক হেক্টর জমির সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবু আদনান বলেন, সিঙ্গাইর সবজির জন্য বিখ্যাত। তবে এ বছর চাষিদের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: নিজস্ব প্রতিবেদক, রংপুর; কুড়িগ্রাম অফিস এবং বগুড়া, সিরাজগঞ্জ, শেরপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, মানিকগঞ্জ প্রতিনিধি ও জামালপুর সংবাদদাতা)