মিলনায়তনের অন্ধকার ভেদ করে মোমবাতি হাতে একে একে মঞ্চে ঢুকলেন স্বপ্নযাত্রীর সদস্যরা। পর্দার পেছন থেকে ভেসে আসে, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের কলি। ১৬ অক্টোবর সন্ধ্যা ছয়টায় নগরের শিল্পকলা একাডেমীতে জয়ন্ত জিল্লুর প্রথম কাব্যগ্রন্থ নিয়ে স্বপ্নযাত্রীর কবিতার আসরের শুরুটা ছিল এমনই। পাশাপাশি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মুনীর চৌধুরীর রক্তাক্ত প্রান্তর অবলম্বনে বিশেষ প্রযোজনা।
‘পৃথিবীর কোথাও রাস্তা দেখি না’ শিরোনামে আয়োজিত এই আবৃত্তিসন্ধ্যায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি হাফিজ রশিদ খান, খালেদ হামিদী ও জিললুর রহমান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন স্বপ্নযাত্রীর সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মোহাম্মদ।
লুবাবা ফেরদৌসির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বপ্নযাত্রীর সহসভাপতি আলী প্রয়াস ও আমন্ত্রিত কবি জয়ন্ত জিল্লু। শুরুতে কবি জয়ন্ত জিল্লুর কর্মজীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।
এরপর ছিল কবির কবিতা থেকে আবৃত্তি। আবৃত্তি করেন ভান্ডারী আরিফ, ফরিদ উদ্দিন মোহাম্মদ, শুভাশীষ শুভ, লুবাবা ফেরদৌসি, ইয়াসির সিলমী, মুমতাহিনা জুঁই, শ্রাবণী দাশগুপ্তা, মো. মুজাহিদুল ইসলাম, শাহরিয়ার তানজিম, সাবিহা নুসরাত, আসাদুল্লাহ চৌধুরী, সেঁজুতি শ্রেয়া প্রমুখ।
আবৃত্তি শেষে পরিবেশিত হয় ভান্ডারী আরিফের গ্রন্থনা ও নির্দেশনায় মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তরের বিশেষ প্রযোজনা।
এই আয়োজনে অংশ নেন শুভাশীষ শুভ, রিয়াংকা দাশ, এস এম আশিক উল আলম, ইউসরা নুর, শুভ দে, মৈত্রেয় বড়ুয়া, ফাইরুজ আহমেদ, অভিজিৎ তালুকদার, ফারিয়া উলফাৎ সৈয়দ, অনিক অভ্র ও দোলা।