স্বরূপে ফেরার প্রস্তুতি চলছে

দেড় বছরে হোটেল ব্যবসায় কমপক্ষে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সব ব্যবসা মিলিয়ে ক্ষতি কমপক্ষে প্রায় দুই হাজার কোটি টাকা।

শূন্য সৈকত আবারও পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা। সম্প্রতি পটুয়াখালীর কুয়াকাটায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালে বিধিনিষেধের কবলে নীরব-নিস্তব্ধ হয়ে পড়েছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত। পর্যটন ব্যবসায় জড়িত ব্যক্তিরা এখন কর্মহীন। ১৯ আগস্ট থেকে পর্যটনকেন্দ্রসহ বিনোদনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্তে কর্মচঞ্চলতা ফিরে এসেছে সাগরকন্যা কুয়াকাটায়। পর্যটননির্ভর ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তিরা কুয়াকাটাকে স্বরূপে ফেরাতে নতুন করে প্রস্তুতি শুরু করেছেন।

করোনা পরিস্থিতির কারণে পটুয়াখালী জেলা প্রশাসন গত এপ্রিল মাস থেকে কুয়াকাটায় পর্যটকদের আগমন বন্ধ করে দেয়। এরপরই কুয়াকাটার ১৫০টির মতো আবাসিক হোটেল-মোটেল পর্যটকশূন্য করা হয়। সৈকতের সব ধরনের ভ্রাম্যমাণ দোকান সরিয়ে নেওয়া হয়। বন্ধ হয়ে যায় পর্যটনকেন্দ্রিক সব ব্যবসা-বাণিজ্য। এর পর থেকে কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকত পর্যটকদের শূন্যতায় খাঁ খাঁ করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাকালে বন্ধ থাকা কুয়াকাটার আবাসিক হোটেল–মোটেল ও খাবার হোটেল ধুয়েমুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। এ ছাড়া শুঁটকি ব্যবসায়ী, শামুক-ঝিনুকের দোকানদার, বাণিজ্যিক ফটোগ্রাফার, মোটরসাইকেল–ভ্যান–অটোচালক, সৈকতের ছাতা-বেঞ্চ ব্যবসায়ী, চা-পানের দোকানদার, চটপটি বিক্রেতা, ট্যুর অপারেটরসহ পর্যটনকেন্দ্রিক সব ব্যবসায়ীরাও নিজ নিজ ব্যবসাকে নতুন করে সাজাতে শুরু করেছেন।

কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকার ঝিনুক ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম বলেন, ‘এই রহম পরিস্থিতির মধ্যে পড়মু, বোঝতে পারি নাই। দোকানে ভালোই মালামাল তুলছিলাম। করোনার কারণে পর্যটনকেন্দ্র বন্ধ হইয়া যায়। আইজগো কয় মাস ধইরা মালামাল হেই অবস্থায়ই পইড়্যা রইছে। অ্যাহন মালামালসহ দোকানটা গুছগাছ করছি।’

খাবার হোটেলের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, তাঁর হোটেলে দৈনিক ২০-২৫ হাজার টাকার বেচাবিক্রি হতো। হোটেল বন্ধ হয়ে যাওয়ায় কর্মচারীদের ছুটি দিয়েছিলেন। কর্মচারীরা যে যার মতো করে কাজ জোগাড় করে নিয়েছেন। এখন হোটেল চালানোর জন্য কর্মচারী পাচ্ছেন না। তারপরও সবকিছু ঝাড়ামোছা করে প্রস্তুতি নিচ্ছেন।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ বলেন, করোনা পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্য একেবারে মুখ থুবড়ে পড়েছে। বেচাকেনা না থাকায় অনেক মালিককে দোকানপাট ছেড়ে দিতে হয়েছে। এখন পর্যটনের দ্বার খুলছে শুনে সবাই যে যাঁর মতো করে গুছিয়ে ব্যবসা চাঙা করার চিন্তা করছেন।

কুয়াকাটায় ১৬০টির মতো আবাসিক হোটেল–মোটেল রয়েছে। হোটেল-মেটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ বলেন, প্রতিটি হোটেলের মালিকই বড় রকমের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছেন। টাকার অঙ্কে হিসাব করলে গত দেড় বছরে হোটেল ব্যবসায় কমপক্ষে ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। পর্যটনকেন্দ্রিক সব ব্যবসা মিলিয়ে কমপক্ষে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। মোতালেব শরীফ বলছেন, ‘করোনাকালের পর কুয়াকাটার দ্বার উন্মোচন হলে কুয়াকাটা আবার জেগে উঠবে, কুয়াকাটা স্বরূপে ফিরবে, সে আশায় বুক বেঁধে আছি।’

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, পর্যটনকেন্দ্র, রিসোর্ট ও বিনোদনকেন্দ্র আসনসংখ্যার ৫০ শতাংশ ব্যবহার করে চালু করতে পারবে। এ নিয়ে ১৭ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে একটি ভার্চ্যুয়াল সভা করা হবে। করোনাকালে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে। এর ব্যত্যয় যাঁরা করবেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।