স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুরে হয়ে গেল মিনি ম্যারাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরে শুক্রবার মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এতে ১২৫ জন অংশ নেন। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
প্রথম আলো

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেরপুরে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার সময় সদর উপজেলার আমঝুপি নীলকুঠি চত্বর থেকে এই ম্যারাথন শুরু হয়। এতে অংশ নেন বিভিন্ন জেলার ১২৫ জন।

স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তনের মেহেরপুর এর আয়োজন করে। আয়োজক সংগঠনের সদস্যরা বলেন, মুজিবনগর বাইপাস সড়ক হয়ে ম্যারাথনটি শেষ হয় মুজিবনগর স্মৃতিসৌধে। ৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যস্থলে পৌঁছান ৮৫ জন খেলোয়াড়। প্রথম হয়েছেন ঝিনাইদহ জেলার সাকিল হোসেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের লিটন হোসেন আর তৃতীয় হয়েছেন গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আবু সাইদ।

ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যারাথন আয়োজক কমিটির আহ্বায়ক পরিবর্তনের মেহেরপুরের মডারেটর সাহাবুদ্দীন শেখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন আমঝুপি শিশু-কিশোরের প্রধান উপদেষ্টা আসাদুজ্জামান লিটন।