স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ৫০ কিলোমিটার হাঁটবেন বীর মুক্তিযোদ্ধা বিমল পাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীর মুক্তিযোদ্ধা বিমল পাল
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা বিমল পালের বয়স এখন ৭০ ছুঁই ছুঁই। ১৯৭১ সালে তিনি ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালিতে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তিনি এবার সেই হালুয়াঘাট থেকে ময়মনসিংহ পর্যন্ত ৫০ কিলোমিটার হাঁটার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে তিনি এ পদযাত্রা করবেন বলে জানিয়েছেন। আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ওই দিন রাতে তিনি এ পদযাত্রা শুরু করবেন।

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বলেন, ৫০ কিলোমিটার হাঁটার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। তিনি স্বাভাবিকভাবেই প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত হাঁটেন। এতে দীর্ঘ সময় হাঁটার অভ্যাস হয়েছে। তবে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ পর্যন্ত ৫০ কিলোমিটার হাঁটা স্বাভাবিক হাঁটা নয়। এর প্রস্তুতি হিসেবে সম্প্রতি তিনি প্রতিদিন সকালে চার ঘণ্টা করে হাঁটছেন। আজ শুক্রবার ভোরে তিনি ময়মনসিংহ থেকে মুক্তাগাছা পর্যন্ত অন্তত ২৫ কিলোমিটার হেঁটেছেন বলে জানান।

আগামী ১০ ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। ওই দিন রাতে তিনি এ পদযাত্রা শুরু করবেন। বিমল পাল বলেন, ‘আজ ময়মনসিংহ থেকে মুক্তাগাছা পর্যন্ত ২৫ কিলোমিটার হাঁটার পর ৫০ কিলোমিটার হাঁটার সাহস পাচ্ছি।’

বিমল পাল বলেন, আজ ভোর সাড়ে ৬টায় ময়মনসিংহের স্মৃতিসৌধের সামনে থেকে হাঁটা শুরু করে সকাল সাড়ে ১০টায় তিনি মুক্তাগাছা উপজেলায় পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যমে হাঁটার সময়কার বিভিন্ন স্থান থেকে ছবি পোস্ট করেছেন তিনি।

৫০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা সম্পর্কে বিমল পাল বলেন, ১০ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে হাঁটা শুরু করবেন হালুয়াঘাট উপজেলা সদর থেকে। সঙ্গে থাকবে একটি অ্যাম্বুলেন্স। তাঁর সঙ্গে আরও অনেকেই থাকবেন। তাঁরা ইচ্ছা করলে হেঁটে যেতে পারেন, আবার অ্যাম্বুলেন্সে করেও যেতে পারেন। অ্যাম্বুলেন্সটিকে পেছনে রেখে তিনি হাঁটবেন। হাঁটার সময় মাঝেমধ্যে বিশ্রাম নেবেন। বিমল পালের ধারণা, দুপুরের আগেই তিনি ময়মনসিংহে এসে পৌঁছাতে পারবেন। ময়মনসিংহ নগরের পাটগুদাম জয় বাংলা চত্বর থেকে আরও অনেকেই তাঁর সঙ্গী হবেন বলে আশা। পরে সেখানে থেকে ময়মনসিংহ নগরের টাউন হল চত্বরে এসে হাঁটা শেষ করবেন।

বিমল পাল বলেন, ‘আজ ময়মনসিংহ থেকে মুক্তাগাছা পর্যন্ত ২৫ কিলোমিটার হাঁটার পর ৫০ কিলোমিটার হাঁটার সাহস পাচ্ছি।’

বীর মুক্তিযোদ্ধা বিমল পাল বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত। তিনি ময়মনসিংহের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মিলে করোনায় মারা যাওয়া মানুষের লাশ দাফন ও সৎকারকাজের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বন্ধুসভার পক্ষ থেকে গত ৯ নভেম্বর তাঁকে সম্মাননা স্মারক দেওয়া হয়।