স্বাধীনতার ৫০ বছরে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন গুরুদাসী
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিন ও পাঁচ বছর বয়সী দুই ছেলে–মেয়ের মা ছিলেন গুরুদাসী মণ্ডল। স্বামী গুরুপদ মণ্ডল ছিলেন পেশায় দরজি। মুক্তিযুদ্ধ চলাকালে হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ ভারতে চলে গেলেও ভিটামাটি ছেড়ে যাননি গুরুদাসীরা।
রাজাকারের হাতে ধরা পড়ে নির্মম নির্যাতনের শিকার হন গুরুদাসী মণ্ডল। তাঁর চোখের সামনেই ছোট দুই সন্তান ও স্বামীকে গুলি করে হত্যা করে রাজাকারেরা। গুরুদাসীকে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পে আটকে অমানবিক নির্যাতন করা হয়। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা তাঁকে সেখান থেকে উদ্ধার করেন। স্বাধীনতার ৫০ বছরে এসে সেই গুরুদাসী মণ্ডলকে ‘নারী মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি দিয়েছে সরকার।
গুরুদাসী মণ্ডলের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। ১৪ ডিসেম্বর গুরুদাসী মণ্ডলসহ ৬১ নারীকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর আগে ৯ ডিসেম্বর পাইকগাছার কপিলমুনিতে অনুষ্ঠিত ‘কপিলমুনি মুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত সভায় গুরুদাসীকে নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তবে নিজের এই স্বীকৃতি দেখে যেতে পারেননি গুরুদাসী। ২০০৮ সালের ৮ ডিসেম্বর তিনি মারা গেছেন।
গুরুদাসীকে স্বীকৃতি এনে দিতে কাজ করেছেন ওই মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। তাঁর বাড়ি পাইকগাছা উপজেলায়। তিনি প্রথম আলোকে বলেন, ব্যক্তিগতভাবে গুরুদাসী মণ্ডলকে চিনতেন তিনি। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা জানতেন। জুলাই মাসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদানের পরই গুরুদাসী মণ্ডলের বিষয়টি নথিভুক্ত আছে কি না, তা খোঁজ নেন তিনি। কিন্তু বীরাঙ্গনার তালিকায় গুরুদাসীর নাম না থাকায় হতাশ হন তিনি। এরপর তিনি নতুন বীরাঙ্গনার তালিকায় তাঁর নামটি সংযুক্ত করার চেষ্টা করেছেন।
পাইকগাছা ও কপিলমুনির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গুরুদাসী মণ্ডলের গ্রামের বাড়ি ছিল পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের বারোআড়িয়া গ্রামে। গুরুদাসী দেখতে সুন্দরী হওয়ায় পাকিস্তানি দোসররা তাঁর ওপর হামলে পড়ে পাশবিক নির্যাতন চালায়। স্বামী এতে বাধা দিলে তাঁর চোখের সামনে স্বামী, দুই ছেলে–মেয়েকে গুলি করে হত্যা করে তারা। পরে গুরুদাসীকে বারোআড়িয়া রাজাকার ক্যাম্পে আটকে রাখা হয়। মুক্তিযোদ্ধারা সেখান থেকে তাঁকে উদ্ধার করেন। গুরুদাসী প্রাণে বেঁচে থাকলেও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। পরবর্তী সময়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য পাবনার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে সেখান থেকে চলে আসেন তিনি। এরপর শুরু হয় তাঁর ভবঘুরে জীবনযাপন।
দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে একসময় পাইকগাছা উপজেলার কপিলমুনিতে আসেন গুরুদাসী। এরপর সেখানেই স্থায়ী হন। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে তিনি ‘গুরুদাসী মাসি’ হিসেবেই পরিচিত। ভিক্ষাই ছিল তাঁর জীবন-জীবিকার একমাত্র মাধ্যম। সারা দিন বিভিন্ন জায়গায় লাঠি হাতে মানুষকে ভয় দেখিয়ে, হাত পেতে দু-চার টাকা চেয়েই চলত তাঁর জীবন-জীবিকা। মাথা গোঁজার ঠাঁই বা আশ্রয়ের জন্য পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনিতে সরকারি জায়গায় একটি ঘর তৈরি করে দেওয়া হয়। সেখানেই মানবেতর জীবনযাপনের একপর্যায়ে ২০০৮ সালে তিনি মারা যান।
পাইকগাছার মুক্তিযোদ্ধা স ম বাবর আলী প্রথম আলোকে বলেন, মুজিব বাহিনীর খুলনা অঞ্চলের কমান্ডার শেখ কামরুজ্জামান গুরুদাসীকে ‘মা’ বলে সম্বোধন করতেন। এ কারণে সব মুক্তিযোদ্ধার মা ছিলেন তিনি। ভারত থেকে এসে গুরুদাসীকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি করেছেন তিনি। তাঁর রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু তাতে সাড়া দেয়নি সরকার। অবশেষে স্বাধীনতার ৫০ বছরে এসে তিনি স্বীকৃতি পেয়েছেন, এটাই এখন সান্ত্বনার বিষয়।