স্বাভাবিক রূপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ছবিটি সোমবার সকালে মির্জাপুর বাইপাস স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন
স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। ছবিটি সোমবার সকালে মির্জাপুর বাইপাস স্টেশন এলাকা থেকে তোলা। ছবি: সোহেল মোহসীন

টানা তিন দিনের যানজটের পর আজ সোমবার ভোর থাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে। ঈদে ঘরমুখী মানুষ এখনো বাসের ছাদ ও ট্রাকে করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তবে এখন আর যানজটের ভোগান্তি নেই।

আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক। এর আগে তিন দিন চন্দ্রা, কালিয়াকৈর ও মির্জাপুরে ৩০ কিলোমিটার মহাসড়কে যানজটে নাকাল হন উত্তরবঙ্গগামী লাখো মানুষ। মহাসড়কের চার লেনের কাজ চালু থাকায় ও অতিরিক্ত যানবাহনের চাপে এই যানজটের সৃষ্টি হয়েছিল। রাতে বেশির ভাগ গাড়ি গন্তব্যে চলে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে মহাসড়ক।

ঢাকামুখী দূরপাল্লার কিছু গাড়ি চলাচল করতে দেখা গেলেও মহাসড়কের বেশির ভাগ এলাকাই ফাঁকা। আজকেও অনেক যাত্রীকে বাসের ছাদে, ট্রাকে ও লেগুনায় করে যেতে দেখা গেছে। সড়কের নিরাপত্তা রক্ষায় আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুরে নাওজোড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস ছালাম বলেন, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল দুই মহাসড়কই এখন ফাঁকা। যানজট নেই।

আমাদের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, গত কয়েক দিন মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় অধিকাংশ সময়ই যানবাহন থেমে ছিল। তবে আজ সকাল থেকে সে চিত্র বদলে গেছে।

সকাল আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত আধা ঘণ্টা রাস্তার পাশে অবস্থান করে দেখা যায়, গড়ে প্রতি মিনিটে উভয়দিকে ১৮-২০টি করে যানবাহন চলছে।

মির্জাপুর বাইপাস স্টেশনে কর্মরত উপজেলা বাসা-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্য রিপন মিয়া বলেন, আজ যেভাবে যানবাহন চলছে তা স্বাভাবিক দিনের চিত্র।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই বাবলু শেখ বলেন, মহাসড়কের চিত্র এখন স্বাভাবিক। তবে হঠাৎ করে যানবাহনের সংখ্যা বাড়তেও পারে।

আরও পড়ুন: