স্বামী নিখোঁজের এক দিন পর গৃহবধূর মৃত্যু, দুদিন পর স্বামীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের তিন দিন পর একটি দিঘি থেকে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উলিপুর দিঘি থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
ওই নৈশপ্রহরীর নাম বাচ্চু শেখ (৬০)। এদিকে বাচ্চু শেখ নিখোঁজের এক দিন পর গতকাল রোববার তাঁর স্ত্রী মর্জিনা খাতুন (৫০) মারা গেছেন। বাচ্চু শেখ তাঁর স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তাড়াশ সদর ইউনিয়নের মাধবপুর গ্রামে থাকতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাচ্চু শেখ উলিপুর দিঘির পাহারাদারের কাজ করতেন। গত শুক্রবার রাত নয়টার দিকে দায়িত্বে থাকা অবস্থায় তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। বাচ্চু শেখ নিখোঁজের এক দিন পরই গৃহবধূর মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক প্রথম আলোকে বলেন, আজ দুপুরে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই দিঘি থেকে লাশটি উদ্ধার করে। তবে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।