স্বামী-সন্তানদের পর মারা গেলেন দগ্ধ রেখাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মকবুল মিয়া, রেখা বেগম ও তাঁদের দুই সন্তান জোবায়ের হোসেন ও আরিফ হোসেন (বাম থেকে)। আগুন কেড়ে নিয়ে তাদের সবার প্রাণ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে একে একে স্বামী ও তিন সন্তানের মৃত্যু হয়। হাসপাতালে অগ্নিদগ্ধ রেখা বেগম (৩৫) আগুনে পোড়ার যন্ত্রণার পাশাপাশি স্বামী–সন্তান হারানোর যন্ত্রণায় ছটফট করছিলেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর সব যন্ত্রণার অবসান হয়। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রেখার মৃত্যু হয়।

এর আগে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে রেখার ছোট ছেলে জোবায়ের হোসেন (৭) মারা যায়। অগ্নিদগ্ধ বড় ছেলে আরিফ হোসেন (১১) ও স্বামী মকবুল মিয়া (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর রেখার গর্ভে থাকা মেয়েসন্তানের জন্ম হয় মৃত অবস্থায়। অগ্নিকাণ্ডে পাঁচজনের গোটা পরিবার শেষ হয়ে গেল।

রেখার স্বামী মকবুল হোসেন আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সফর মিয়ার ছেলে। তিনি সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তবে তিনি উপজেলা সদরের শরীয়তনগর এলাকার আলাই মোল্লার ভবনের নিচ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

আরও পড়ুন

পুলিশ, ফায়ার সার্ভিস, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকায় ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রান্নাঘরে মশার কয়েল জ্বালাতে যায় শিশু আরিফ হোসেন। দেশলাই জ্বালাতেই মুহূর্তে পুরো ঘরে আগুনে ছড়িয়ে পড়ে। মকবুল তখন রাতের খাবার খেতে বসেছিলেন। অগ্নিকাণ্ডের ফলে বাসার বিদ্যুৎ–সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে দরজা খুলে বের হতে পারেননি কেউ। ভেতরে আটকা পড়ে সবাই দগ্ধ হন।

এলাকাবাসী, পুলিশ এবং আশুগঞ্জ, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের চারটি দলের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ শিশু জুবায়েরের মৃত্যু হয় ঘটনাস্থলে। আর অন্তঃসত্ত্বা রেখা বেগম, তাঁর স্বামী মকবুল ও বড় ছেলে আরিফকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

আরও পড়ুন

মকবুলের চাচা মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন যে মকবুলের শরীরের ৬২ শতাংশ, আরিফের শরীরের ৬০ শতাংশ ও রেখার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। রেখার মৃত্যুর খবরটি তিনি নিশ্চিত করেছেন।