স্বামী-স্ত্রী দুজনই ইউপি নির্বাচনের প্রার্থী
সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সাধারণ সদস্য পদে স্বামী ও সংরক্ষিত সদস্যপদে তাঁর স্ত্রী প্রার্থী হয়েছেন। এ নিয়ে এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ কাদির। তাঁর স্ত্রী দিলারা আক্তার মাইক প্রতীক নিয়ে সংরক্ষিত পদে (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিদিন স্বামী ও স্ত্রী দুজনই বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
রায়গড় গ্রামের বাসিন্দা আনোয়ার মিয়া বলেন, স্বামী-স্ত্রী দুজনই ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন। বিষয়টি এলাকায় সবার মধ্যে আগ্রহ তৈরি করেছে।
ইউপি সদস্য প্রার্থী এম এ কাদির বলেন, পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নিজের জন্য ভোটের পাশাপাশি স্ত্রীর জন্যও ভোট প্রার্থনা করছেন তিনি। কাদির আরও বলেন, ‘প্রায় ১১ বছর আগে চাচাতো বোনকে বিয়ে করি। এরপর আমার স্ত্রী সংরক্ষিত পদে নির্বাচনে অংশ নিয়ে দুই দফায় বিজয়ী হয়েছে। আমার স্ত্রী ইউপির বর্তমান সংরক্ষিত সদস্যও।’
এবার দ্বিতীয়বারের মতো নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করে এম এ কাদির বলেন, গত নির্বাচনে সামান্য ভোটের জন্য তিনি নির্বাচিত হতে পারেননি। এলাকাবাসীর স্বার্থে এবারও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।
দিলারা আক্তার বলেন, ‘দীর্ঘদিন থেকে এলাকার লোকজনের সুখে-দুঃখে ছিলাম। এবারও আমি প্রার্থী হয়েছি। সঙ্গে আমার স্বামীও প্রার্থী হয়েছেন। আশা করছি, আমরা দুজনই নির্বাচিত হয়ে এলাকার জনগণের সেবা করার সুযোগ পাব।’
চতুর্থ ধাপের গোলাপগঞ্জ সদর ইউপিতে ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।