স্বামী-স্ত্রীর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি, না পেয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

জয়পুরহাটের সদর উপজেলায় এক গৃহবধূকে (৩২) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় গতকাল শনিবার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ তিনজন হলেন মো. আসলাম (২৩), মো. রায়হান (২০) ও রাব্বি হোসেন (২০)।

মামলার এজাহারে ওই গৃহবধূর অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে আসলাম, রায়হান ও রাব্বি তাঁদের বাড়ির প্রাচীর টপকে ভেতরে আসেন। রায়হান মুঠোফোনের ক্যামেরায় তাঁদের স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের ভিডিও চিত্র ধারণ করেন। পরদিন শুক্রবার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন তাঁরা। টাকা না পেয়ে তিনজন মিলে শুক্রবার রাতে তাঁকে (গৃহবধূ) ধর্ষণ করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান আজ রোববার প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওই গৃহবধূ গতকাল সন্ধ্যায় থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। পুলিশ ওই রাতেই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে। এরপর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।