স্বামীকে গলা কেটে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের ফাঁসি
জয়পুরহাটে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অপরাধে তাঁর স্ত্রীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুর ইসলাম আজ বৃহস্পতিবার এ রায় দেন।
খুন হওয়া ব্যক্তির নাম আবদুর রহিম। তিনি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম ডুগডুগি গ্রামের বাসিন্দা। তাঁকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহিমের স্ত্রী আকলিমা খাতুন (২৭), শালগ্রামের সেলিম মিঞা (৩৪) ও গোপালপুর গ্রামের আইনুল (৩৭)। রায় ঘোষণার পর সেলিম মিঞা ও আইনুলকে কারাগারে পাঠানো হয়েছে। আর আকলিমা খাতুন পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছ, আবদুর রহিম মাইক্রোবাসচালক ছিলেন। সেলিম মিঞা তাঁর কাছে মাইক্রোবাস চালানো শিখতেন। সেলিম এ সুবাদে আবদুর রহিমের বাড়িতে যাতায়াত করতেন। একপর্যায়ে আবদুর রহিমের স্ত্রী আকলিমার সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে যান। অন্যদিকে আবদুর রহিম আরেক মাইক্রোবাসচালক আইনুলের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান। আইনুল ঘটনাটি জানার পর থেকে আবদুর রহিমের ওপর ক্ষিপ্ত ছিলেন। আইনুল ওই সময় সেলিম ও আকলিমার সম্পর্কের কথা জানতে পারেন। তখন তাঁরা তিনজন আবদুর রহিমকে হত্যা করার পরিকল্পনা করেন।
পূর্বপরিকল্পনা অনুযায়ী, মাইক্রোবাসের চাকা মেরামতের কথা বলে আবদুর রহিমকে নিয়ে সেলিম ২০১৬ সালের ১০ জুলাই রাতে বগুড়ায় যান। সেখানে একটি সিএনজি স্টেশনে তাঁরা গ্যাস নিতে থামেন। সেখানে আগে থেকেই আইনুল অপেক্ষা করছিলেন। সেখান থেকে তাঁরা তিনজন মাইক্রোবাসে করে রাত ১০টার পর রওনা দেন। গাড়িতে আইনুল ঘুমের ওষুধ মিশিয়ে আবদুর রহিমকে কোমল পানীয় খেতে দেন।
আবদুর রহিম ঘুমিয়ে পড়লে সেলিম মাইক্রোবাস নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বারকান্দি এলাকায় যান। গভীর রাতে তাঁরা আবদুর রহিমকে গলা কেটে হত্যা করে তাঁর লাশ চালকের আসনে রেখে চলে যান। পরদিন সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পাঁচবিবি থানা-পুলিশকে খবর দেন। এরপর লাশটি আবদুর রহিমের স্বজনেরা শনাক্ত করেন। ১১ জুলাই তাঁর বাবা শাহাদত হোসেন বাদী হয়ে পাঁচবিবি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পাঁচবিবি থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার মামলাটি তদন্তের দায়িত্ব পান। আবদুর রহিমকে হত্যার অভিযোগে সেলিম মিঞা, আকলিমা ও আইনুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এরপর তাঁরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আসামিরা জামিনে বেরিয়ে আসেন। তখন আকলিমা পালিয়ে যান।
আদালতের পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। একজন আসামি পলাতক।