স্বামীর বাঁচার আকুতি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুই বাঁচিবার চাও। হাত-পা কাটপার হলেও কাট, তবুও মোক বাঁচাও। মোক বাঁচাও... বাঁচাও।’ সাভারের রানা প্লাজা ধসের দিন ভবনের বিমের নিচে আটকে থাকা আলতাফ কথাগুলো বলেছিলেন। কথাগুলো এখনো ঠিকমতো ঘুমাতে দেয় না আলতাফের স্ত্রী মাসুদা বেগমকে। দুই চোখ বুজলেই যেন তাঁর কানে ভেসে আসে মৃত স্বামীর বাঁচার সেই আকুতি।
গত মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামে গিয়ে কথা হয় মাসুদার সঙ্গে। তিনি বলেন, তাঁর স্বামী আলতাফ হোসেন সাভারের রানা প্লাজার সপ্তম তলায় কাজ করতেন। আর মাসুদা কাজ করতেন তৃতীয় তলায়। ২০১৩ সালের ২৪ এপ্রিল ভবন ধসের পর উদ্ধারকর্মীদের সহায়তায় ধ্বংসস্তূপ থেকে মাসুদা বের হয়ে আসেন। তবে তাঁর স্বামী বিমের নিচেই মারা যান।
মাসুদা বলেন, অনেক কষ্টে তিনি ধ্বংসস্তূপে স্বামীর সন্ধান পেয়েছিলেন। কিন্তু উদ্ধারকর্মীরা মাসুদাকে বের হয়ে যেতে তাড়া দিচ্ছিলেন। তখন আলতাফ তাঁকে বলেছিলেন, তাঁর মুখে একটু পানি দিয়ে যেতে। মাসুদা মুখে পানি দিয়ে দ্বিতীয়বার আবার উদ্ধারের আশ্বাস দেন। আলতাফ তখন বলেন, ‘তুই নিচে থাকপি। হামাক উদ্ধার করলে আমি তোর সঙ্গে বাড়ি যামু।’ এরপর উদ্ধারকর্মীদের তাড়ায় ফিরে আসেন মাসুদা। ফিরে স্বামীকে উদ্ধারের জন্য অনেকের হাত-পা ধরতে থাকেন। ২৫ এপ্রিল রাতে মারা যান আলতাফ।
মাসুদার এক ছেলে ও এক মেয়ে। ছেলে মাসুদ রানা ষষ্ঠ শ্রেণিতে পড়ছে। আর মেয়ে রুপা চতুর্থ শ্রেণিতে। ওই ঘটনায় একই গ্রামের শিল্পী আকতার ও আঞ্জু আক্তার নামে আরও দুই পোশাককর্মী প্রাণ হারান। তাঁদের পরিবারের সদস্যরাও কিছুতেই দুঃসহ দিনটির কথা ভুলতে পারেনি। মঙ্গলবার সকালে বলিদ্বারা জওগাঁও গ্রামে গিয়ে দেখা যায়, শিল্পীর বাবা ফাইজুল হক বাড়ির পাশে মেয়ের কবরের আগাছা পরিষ্কার করছেন। পরিচয় দিলে তিনি বলেন, কারখানার কাজের ফাঁকে স্নাতক (ডিগ্রি) পড়ছিল শিল্পী। প্রথম বর্ষে দ্বিতীয় শ্রেণিতে পাসও করেছিল।
ফাইজুল বলেন, রানা প্লাজা ধসের পর ৯ মে গ্রামের একজন তাঁকে মুঠোফোনে জানান, শিল্পীর মোবাইল নম্বর খোলা আছে। তখনই মেয়ের নম্বরে ফোন দেন তিনি। একজন নারী ফোন ধরেন। নারী কণ্ঠ শুনে তিনি ভেবেছিলেন শিল্পী বেঁচে আছে। ফাইজুল বলেন, ‘হামি বললাম, শিল্পী, তুই কই। ওপার থেকে নারী কণ্ঠ বলে, আমি শিল্পী না। শিল্পীর লাশ মিলেছে।’
বিয়ের কয়েক বছর পর বনাবনি না হওয়ায় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় বলিদ্বারা গ্রামের বগুড়াপাড়ার আবদুল মান্নানের মেয়ে আঞ্জু আক্তারের। ছেলেমেয়েকে বাবার কাছে রেখে পোশাক কারখানায় কাজ করতেন তিনি। মান্নান বলেন, ‘মোর কুনো ব্যাটা নাই। মোর আঞ্জুই হামার কাছত ব্যাটা ছিল।’ মাসে ছয় থেকে সাত হাজার টাকা পাঠাতেন বাবার কাছে। সেই টাকাতেই চলত পুরো পরিবার।’ রানা প্লাজা ধসে সেই দিন আঞ্জুও মারা যান।’