স্বামীর মৃত্যুর পর চলে গেলেন স্ত্রীও
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বামীর মৃত্যুর পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্ত্রী মৃত্যুবরণ করেছেন। গতকাল রোববার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আজিজুল হক (৫০) ও খোদেজা বেগম (৩৮)। তাঁদের বাড়ি পশ্চিম সমশ্চুড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজিজুল হক সকালে সমশ্চুড়া বাজারে আসবাবের দোকানে আসেন। বেলা দুইটার দিকে বাড়ি থেকে স্ত্রী খোদেজা খাবার নিয়ে সেখানে যান। ভাত খাওয়ার একপর্যায়ে আজিজুল পেটে ব্যথা অনুভব করেন। তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাজারের একটি শৌচাগারে যান। আধা ঘণ্টায়ও ফিরে না আসায় খুঁজতে গিয়ে আজিজুলকে শৌচাগারে পড়ে থাকতে দেখেন খোদেজা। খোদেজার চিৎকারে বাজারের লোকজন এসে উদ্ধার করে বাইরে নিয়ে এলে স্থানীয় চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। এ সময় খোদেজা চিৎকার করে জ্ঞান হারিয়ে পেলেন। দ্রুত ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।