স্বামীসহ বিশ্ববিদ্যালয় ছাত্রীকে লাঞ্ছনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
স্বামীসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছনা ও মারধরের ঘটনায় করা মামলায় বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার বিকেল পাঁচটার দিকে বরিশাল নগরের সাগরদি ইসলামপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইদুল আলম ওরফে লিটন। তিনি ওই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। একই মামলায় এর আগে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৮–এর কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর আলম বলেন, বরিশাল নগরের সাগরদি এলাকায় আত্মগোপনে থাকা আসামি সাইদুল আলমকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল। মামলাটি আলোচিত ও গুরুত্বপূর্ণ হওয়ায় র্যাব তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে থানায় হস্তান্তর করা হবে।
এ ঘটনায় করা মামলার প্রধান আসামি জাহিদ হোসেন ওরফে জয় হোসেনকে গত বুধবার মাদারীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। জাহিদ হোসেন ইউপি সদস্য সাইদুল আলমের সহযোগী। ১১ জানুয়ারি সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক ছাত্রী তাঁর স্বামীকে নিয়ে ক্যাম্পাসের পাশে আনন্দবাজার এলাকায় ঘুরতে যান। এ সময় জাহিদ হোসেন ও তাঁর সহযোগীরা স্বামীসহ ওই ছাত্রীকে আটক করেন। পরে জাহিদের নেতৃত্বে ওই ছাত্রীর স্বামীকে মারধর ও ছাত্রীকে লাঞ্ছিত করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঘটনার প্রতিবাদে রাত নয়টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন তাঁরা এবং ইউপি সদস্য সাইদুল আলম তাঁর সহযোগী জাহিদ হোসেনের বাড়ি ভাঙচুর করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশের আশ্বাসে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
১২ জানুয়ারি ওই ছাত্রীর স্বামী বাদী হয়ে নগরের বন্দর থানায় জাহিদ হোসেন, মাকুন মোল্লা ও সাইদুল আলমের নাম উল্লেখ করে এবং আরও দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন তিনি।