স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ইউপি সদস্যের মুচলেকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) করোনার গণটিকার কার্যক্রম চলাকালে এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও টিকা দিতে বাধা দেওয়ায় ইউপির এক সদস্যকে আটক করেন লোকজন। পরে মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

ওই টিকাদান কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, মঙ্গলবার দেশব্যাপী সরকারের গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের কর্মসূচির অংশ হিসেবে তাহিরপুর উপজেলার সদর ইউপি কার্যালয়ে টিকাদান কার্যক্রম চলছিল। সকাল ১০টার দিকে সেখানে যান ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান। মতিউর রহমান তখন তাঁর ওয়ার্ডের লোকদের বাদ দিয়ে অন্য ওয়ার্ডের লোকজনকে টিকা দেওয়া হচ্ছে অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে তিনি একটি বুথের টিকা দেওয়ার দায়িত্বে থাকা এক স্বাস্থ্য সহকারীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁকে টিকা দিতে বাধা দেন।

কর্মকর্তারা জানান, ওই স্বাস্থ্যকর্মী বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ এস আহম্মাদ শাফিকে জানান। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির, থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, সদর ইউপির চেয়ারম্যান বোরহান উদ্দিন সেখানে যান এবং ইউপি সদস্য মতিউর রহমানকে আটক করেন। পরে মতিউর রহমান নিজের ভুল স্বীকার করে ওই স্বাস্থ্যকর্মীর কাছে ক্ষমা চেয়ে মুচলেকা দেন। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ইউপি সদস্য মতিউর রহমান বলেন, ‘আমি ভুল করেছি। এ জন্য ক্ষমা চেয়েছি। ভবিষ্যতে আর এমনটি হবে না।’

ইউএনও মো. রায়হান কবির বলেন, ওই ইউপি সদস্য অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে কারও সঙ্গে এ ধরনের আচরণ করবেন না বলে মুচলেকা দিয়েছেন। এরপরও যদি তিনি কারও সঙ্গে এ ধরনের আচরণ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।