স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক-নার্সের উপস্থিতি বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম সিটি করপোরেশন

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ দায়িত্বরত সবাইকে কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসব স্বাস্থ্যকেন্দ্রে যেকোনো ব্যক্তি সর্দি, জ্বর ও কাশির চিকিৎসা নিতে পারবেন। তাঁদের তথ্য সংরক্ষণ করা হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসকদের এক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত হয়। চট্টগ্রাম নগরের সিটি করপোরেশন পরিচালিত জেনারেল হাসপাতালে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কমিটির সদস্যসচিব ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী।

সভায় সেলিম আকতার চৌধুরী চিকিৎসকদের উদ্দেশে বলেন, করোনাভাইরাসের বিষয়ে তদারকির জন্য ভ্রাম্যমাণ দল রয়েছে। কর্মক্ষেত্রে কাউকে অনুপস্থিত পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্দি, জ্বর ও কাশির সমস্যা নিয়ে আসা রোগীদের নাম, ঠিকানা, মুঠোফোন নম্বর ও ইতিহাস লিখিতভাবে সংরক্ষণের জন্য চিকিৎসকদের নির্দেশনা দেন সেলিম আকতার চৌধুরী। তিনি বলেন, এই ধরনের রোগীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে না। তবে বিদেশফেরত রোগীদের প্রয়োজনে হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে। এ জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফৌজদার হাসপাতাল ও রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চারটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) শয্যা প্রস্তুত রয়েছে। কোনো কারণে মহামারি আকার ধারণ করলে দুটি বিদ্যালয় প্রস্তুত রাখা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, হাসপাতাল তত্ত্বাবধায়ক ইসরাত জাহান, আশিষ কুমার মুখার্জি, নাছিম ভূঞা, পরামর্শক দিদারুল মনির, সুশান্ত বড়ুয়া প্রমুখ।