স্বাস্থ্যকেন্দ্রে আট মাস ধরে অস্ত্রোপচার বন্ধ
চিকিৎসকসংকটে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অবেদনবিদ (অ্যানেসথেটিস্ট) না থাকায় আট মাস ধরে জরুরি প্রসূতিসেবা (অস্ত্রোপচার) বন্ধ রয়েছে। তাই এখানে চিকিৎসা না পেয়ে অনেক রোগী ফিরে যাচ্ছে।
অথচ প্রসূতিসেবার জন্য ২০০৪ সাল থেকে পরপর পাঁচবার বিভাগীয় সেরা পদক লাভ করে স্বাস্থ্যকেন্দ্রটি। ওই সময় আশপাশের উপজেলা হাটহাজারী, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও রাউজান থেকে আসা জটিল প্রসূতি রোগীদের ভরসা ছিল এ স্বাস্থ্যকেন্দ্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্যকেন্দ্রটিকে গত ২৮ মে ৩১ শয্যা থেকে বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীত করে সরকার। ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী এখানে ১৯ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন ১৬ জন। ১৫ জন সেবিকার স্থলে আছেন তত্ত্বাবধায়কসহ সাতজন। এত কমসংখ্যক চিকিৎসক দিয়ে উপজেলার ছয় লাখ লোকের চিকিৎসাসেবা দেওয়া অসম্ভব। বিশেষ করে গত ২০ মার্চ অবেদনবিদ সুলতানা আকতার অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে জরুরি প্রসূতিসেবা বন্ধ রয়েছে। অথচ এখানে রয়েছে সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষ। রয়েছে সব ধরনের যন্ত্রপাতিও। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে সরঞ্জামগুলো।
আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) এইচ এস রাশেদুল আলম বলেন, প্রতিদিনই বিভিন্ন রোগী এখানে চিকিৎসা নিতে আসে। কিন্তু চিকিৎসকসংকটের কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জেলা হাসপাতালে পাঠাতে হয়। প্রসূতিসেবায়ও ঘটছে নানা ব্যাঘাত।
সরেজমিনে দেখা যায়, ১১ জন প্রসূতি রোগী ভর্তি আছেন স্বাস্থ্যকেন্দ্রে। তাঁদের মধ্যে ভূজপুর থেকে আসা ডলি আক্তার নামের এক রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেলে পাঠাতে বলা হয়েছে স্বজনদের।
ডলি আক্তারের স্বামী মো. মহিউদ্দিন বলেন, ‘চিকিৎসক না থাকায় এখানে অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে না। তাই চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাচ্ছি।’
মানিকছড়ির তিনটহরী গ্রামের বাসিন্দা শুকলাল দাশ বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা না পেয়ে গত সপ্তাহে আমার স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মাতৃগর্ভেই বাচ্চা মারা যায়।’
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) দেবাশিষ দত্ত জানান, ‘২০০৮ সাল থেকে এ পর্যন্ত চারজন অবেদনবিদ এখানে পদায়ন করা হলেও চট্টগ্রাম শহর থেকে তাঁরা আসতে চান না। কিছুদিন পর তাঁরা অন্যত্র বদলি হয়ে যান। এখানে পর্যাপ্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ রয়েছেন। কিন্তু অবেদনবিদের অভাবে জটিল প্রসূতি রোগীর চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এ ব্যাপারে চট্টগ্রাম সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, সেখানে চিকিৎসক ও অবেদনবিদ-সংকটের জন্য শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।