স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকা অভিমুখে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউন
প্রতীকী ছবি

অনেক যাত্রীকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে গৌরীপুর, গৌরীপুর থেকে বলদাখাল, বলদাখাল থেকে পাখিরমোড়, পাখিরমোড় থেকে ঢাকায় সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি), ব্যাটারিচালিত রিকশা, ব্যাটারিচালিত রিকশায় ভেঙে ভেঙে যেতে দেখা যায়। তবে অনেকের মুখে মাস্ক ছিল না। শারীরিক দূরত্বও বজায় রাখা হয়নি।
বেলা তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে কথা হয় চাঁদপুরের কচুয়া উপজেলার বরদৌল গ্রামের পোশাককর্মী কুলসুম আক্তার ও তাঁর মেয়ে শাহানা আক্তারের সঙ্গে।

কুলসুম আক্তার বলেন, গার্মেন্টস বন্ধ হওয়ার পর ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ফেরেন তাঁরা। রোববার থেকে গার্মেন্টস খুলে গেছে। তাই ঢাকায় যাওয়ার জন্য গার্মেন্টস কর্তৃপক্ষ ফোন দিচ্ছে। নিরুপায় হয়ে কঠোর বিধিনিষেধের মধ্যেও কুলসুম আক্তার মেয়ে শাহানা, ছোট দুই ছেলে শাহিন আলম ও জুনাইদকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বরদৌল থেকে দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত পৌঁছতে ১০০ টাকার ভাড়া ১ হাজার টাকা দিতে হয়েছে বলে জানান তাঁরা। তাই বাকি পথ যাওয়া নিয়ে তাঁরা চিন্তায় পড়েছেন।

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামের বাসিন্দা গাড়িচালক মো. সাকিব বলেন, তাঁর বোন মনি আক্তার, বোনের শাশুড়ি হাজেরা আক্তারকে নিয়ে জরুরি কাজে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। গণপরিবহন চলাচল বন্ধ থাকায় তাঁরা পথে পথে দুর্ভোগ পোহাচ্ছেন।

নোয়াখালীর লক্ষ্মীপুর সদরের গাড়িচালক দেলোয়ার হোসেন দুপুরে বলেন, ঈদের ছুটি শেষে স্ত্রী রেখা আক্তারকে নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছেন। যানবাহন না পেয়ে প্রয়োজনীয় মালামাল মাথায় নিয়ে হেঁটেই ঢাকার দিকে এগোচ্ছেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার দরোদারা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, মেঘনা উপজেলার বাবনচর নয়াগাঁও গ্রামের মাছ ব্যবসায়ী বাদল মিয়া বলেন, ‘ঢাকার পথে রওনা দিয়ে কয়েক ঘণ্টা অপেক্ষার পরও গাড়ি পাচ্ছি না। এমন পরিস্থিতিতে মাছ আর পচনশীল দ্রব্য পচে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।’
দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের এসআই সুলতান আহমেদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা যথাযথ দায়িত্ব পালন করে যাচ্ছি।’