স্বাস্থ্যবিধি না মানায় প্রথম দিনেই ১৭ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে বাজারে মানুষের অবাধ চলাচল। আজ খুলনার দৌলতপুর বাজারে।
ছবি: সাদ্দাম হোসেন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের প্রথম দিন খুলনা জেলা ও মহানগরে রাস্তায় যানবাহন ও লোকজন কম দেখা গেছে। কিছু স্থানে ইজিবাইক, প্রাইভেট কার, এমনকি ট্রাক চলতেও দেখা গেছে। পাড়া–মহল্লা ও অলিগলির দোকানপাট খোলা ছিল। স্বাস্থ্যবিধি না মানা, দোকান খোলা রাখা ও অহেতুক ঘোরাঘুরির দায়ে ভ্রাম্যমাণ আদালত ১৭ জনকে এক ও দুদিনের কারাদণ্ড দিয়েছেন।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে ২৮ জুন রাত ১২টা পর্যন্ত।

খুলনা জেলা প্রশাসনের তথ্য বলছে, আজ মঙ্গলবার সকাল থেকে মহানগরের মধ্যে ৬টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। একই আদালত সোনাডাঙ্গা ও সদর থানা এলাকাতেও অভিযান চালিয়েছেন। এ সময় মাস্ক না থাকা, দোকান খোলা ও অহেতুক ঘুরে বেড়ানোর দায়ে ১৭ জনকে আটক করা হয়। পরে তাঁদের এক ও দুদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৩টি মামলায় ৪০ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন উপজেলায় জরিমানা করাসহ আরও সাতজনকে আটক করা হয়েছে। তবে তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুপ আলী।

লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। প্রথম দিন দুপুর পর্যন্ত সবকিছুই চলেছে, তবে তুলনামূলক কম। নগরের বাইরে গিয়ে মানুষ ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানে করে বিভিন্ন উপজেলায় যাচ্ছেন। শহরের মধ্যেও ইজিবাইক ও রিকশা চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে নগরে প্রচুর প্রাইভেট কার (ব্যক্তিগত গাড়ি) ও মাইক্রোবাস চলাচল করছে। বাস ও ট্রাক চলাচল করেছে কোনো কোনো এলাকায়। প্রধান সড়কগুলোর বিভিন্ন মোড়ে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। কিন্তু প্রধান সড়কের বাইরে গলিগুলোতে সব কর্মকাণ্ড চলতে দেখা গেছে।

লকডাউনে যান চলাচল বন্ধ। গন্তব্যে পৌঁছাতে অনেককে দুর্ভোগে পরতে হয়। আজ খুলনার ফুলবাড়ি গেটে।
ছবি: প্রথম আলো

সকাল থেকে নগরের মধ্যে পুলিশের তৎপরতা কম থাকলেও বেলা যত গড়িয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তত বেড়েছে। বিভিন্ন মোড়ে পুলিশ ইজিবাইক, রিকশা, মোটরসাইকেল আটকানোর চেষ্টা করেছে।

সকাল ১০টার দিকে নিরালা আবাসিক এলাকার ১ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, রিকশা–ইজিবাইক সবই চলছে। মানুষ কোনো বাধা ছাড়াই ঘোরাঘুরি করছেন। নিরালা মোড়ের প্রায় সব দোকানই খোলা। কাঁচাবাজারে মানুষের ভিড়। অনেকে দোকানের একটি শাটার খুলে বেচাকেনা করছেন। চায়ের দোকানও খোলা দেখা গেছে। পাশেই পুলিশ ফাঁড়ি। কিন্তু ওই মোড়ে পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। ওই মোড়ের এক চা–বিক্রেতা বলেন, ‘পুলিশ আসলি দুকান বন্ধ করে ফেলবানে।’

গলি ছেড়ে গল্লামারি-ময়লাপোতা প্রধান সড়কে উঠতেই দেখা যায়, ময়লাপোতার দিকে সড়কের একটি অংশ বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে অন্য অংশ ছাড়া থাকায় সহজেই সেখান দিয়ে ইজিবাইক, রিকশা, প্রাইভেট কার চলাচল করছে। ইজিবাইকের সংখ্যা ছিল হাতেগোনা। মানুষ ইজিবাইক না পেয়ে হেঁটে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করা মানুষের সংখ্যাও কম নয়।

ময়লাপোতা মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যকে দেখা গেলেও তাঁদের তৎপরতা ছিল কম। সকাল সোয়া ১০টার দিকে শিববাড়ী মোড়েও পুলিশের উপস্থিতি লক্ষ করা যায়নি। গল্লামারী এলাকায় গিয়ে দেখা যায়, সোনাডাঙ্গা সড়কের একপাশ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। তবে অন্য পাশ দিয়ে চলাচল করছে ইজিবাইক, পিকআপ, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। গল্লামারি থেকে প্রচুর মানুষকে হেঁটে জিরো পয়েন্টের দিকে যেতে দেখা যায়।

জিরো পয়েন্ট এলাকায় দায়িত্ব পালন করা রকিবুল ইসলাম নামের এক পুলিশ সদস্য বলেন, মানুষের অজুহাতের শেষ নেই। মানুষ যে এত অসুস্থ হতে পারে, তা লকডাউন না থাকলে বোঝা যেত না। যাঁরা আসছেন, তাঁদের কাছে জানতে চাইলে প্রায় সবাই বলছেন অসুস্থ, চিকিৎসকের কাছে যাচ্ছেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, স্বল্প জনবল দিয়ে এত বেশি মানুষকে আটকে রাখা সম্ভব নয়। তারপরও চেষ্টা করা হচ্ছে। নগরে ৮টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছেন। মাস্ক না থাকার কারণে সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য এলাকায়ও অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা বিভাগে ২৭ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জন মারা গেছেন। একই সময় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯৯৮ জন। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু, আক্রান্ত শনাক্ত দুই–ই বেড়েছে।

লকডাউনের মধ্যেও বাস চলাচল করতে দেখা যায়। আজ খুলনার ফুলবাড়ি গেট মোড়ে।
ছবি: প্রথম আলো

এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৭৫। মোট মৃত্যু হয়েছে ৮৬৪ জনের। সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৯৪৮ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২১ জন। আজ মঙ্গলবার করোনাভাইরাস নিয়ে খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানান বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯ জন মারা গেছেন খুলনায়। এরপর কুষ্টিয়ায় মারা গেছেন ৫ জন। এ ছাড়া বাগেরহাট ও যশোরে চারজন করে, নড়াইলে তিনজন এবং মেহেরপুরে দুজন মারা গেছেন।

বিভাগে করোনায় মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় ২২০, কুষ্টিয়ায় ১৬২, যশোরে ১১৩, চুয়াডাঙ্গায় ৭৪, ঝিনাইদহে ৬৮, বাগেরহাটে ৭০, সাতক্ষীরায় ৬২, মেহেরপুরে ৩৫, নড়াইলে ৩৫ ও মাগুরায় ২৫ জন রয়েছেন। বিভাগে মৃত্যুর হার ১ দশমিক ৮৪ শতাংশ।

স্বাস্থ্য দপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি জুনের প্রথম ২২ দিনে (আজ মঙ্গলবার পর্যন্ত) ১২ হাজার ৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ২১৯ জন। এর আগের ২২ দিনে (১০-৩১ মে) শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৪১৪ জন। ওই সময়ে মারা যান ৫৫ জন। অর্থাৎ, এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর ২৭ শতাংশের বেশি শনাক্ত হয়েছে চলতি মাসের ২১ দিনে। আর মোট মৃত্যুর ২৫ শতাংশের বেশি ঘটেছে এই সময়ে।

বিভাগে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে বাগেরহাটে ৫৬, চুয়াডাঙ্গায় ৮২, যশোরে ২৫৩, ঝিনাইদহে ৩০, খুলনায় ২৬৮, কুষ্টিয়ায় ১১৯ মাগুরায় ১৬, মেহেরপুরে ৪৬, নড়াইলে ৪২ ও সাতক্ষীরায় ৮৬ জন আছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার প্রথম আলোকে বলেন, নমুনা পরীক্ষা বেশি হলেই শনাক্ত বেশি হচ্ছে। শনাক্তের হার দুদিন ধরে ৪০ শতাংশের বেশি। মৃত্যুর সংখ্যাও বাড়ছে। বিভাগের বেশ কয়েকটি জেলায় লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চললে পরিস্থিতির উন্নতি হবে।