স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে ধরে টিকাকেন্দ্রে পাঠাল পুলিশ
মানিকগঞ্জে হাটবাজার, রেস্তোরাঁ, শপিং মল ও বিপণিবিতানে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে ধরে করোনা টিকাকেন্দ্রে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের টিকাকেন্দ্রে পাঠানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি থেকে সরকার নির্দেশিত ১১টি বিধিনিষেধ মেনে চলতে এবং জনসচেতনতা তৈরিতে কাজ শুরু করে পুলিশ প্রশাসন। এর অংশ হিসেবে মাস্ক ব্যবহার ও টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে জেলা শহরের শপিং মল ও বাজারে পুলিশ প্রশাসন অভিযান পরিচালনা করছে। কয়েক দিনের মতো আজও মানিকগঞ্জ জেলা শহরের বেউথা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কেউ কেউ দোকানপাট বন্ধ করে সটকে পড়েন। তবে উপস্থিত ছয়জন বিক্রেতা ও চারজন ক্রেতাকে আটক করা হয়। তাঁরা স্বাস্থ্যবিধি মানছিলেন না, টিকার কার্ডও দেখাতে পারেননি। পরে তাঁদের পুলিশের নিজস্ব বাসে জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা টিকাকেন্দ্রে পাঠিয়ে টিকাদানের ব্যবস্থা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সচেতন করতে মাস্ক বিতরণের পাশাপাশি টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা সদরের বাইরে বাকি ছয়টি থানা-পুলিশের সদস্যরাও অভিযান পরিচালনা করছেন। অভিযানে এখন পর্যন্ত ১ হাজর ২০০ জন ক্রেতা-বিক্রেতা ও পথচারীকে টিকাদান কেন্দ্রে পাঠিয়ে টিকার ব্যবস্থা করা হয়েছে।