
হেমন্তের বিকেলে নীল আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে ফুরফুরে ভাব। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে জটলা করেছেন এক দল তরুণ-যুবা। কারও হাতে, কারওবা মাথায় হেলমেট। পাশেই ফুটপাত ঘেঁষে দাঁড় করিয়ে রাখা নানা রঙ, ঢং, আকারের অর্ধশতাধিক বাইসাইকেল।
হেলমেট পরা এক তরুণ ফুটপাতে দাঁড়িয়ে সবার উদ্দেশে কী যেন বলছেন। নিজেদের স্বাস্থ্য সুরক্ষা, আনন্দ কুড়ানো আর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটা আসলে নিয়মিত সাপ্তাহিক সাইকেল যাত্রার এক প্রস্তুতিমূলক সমাবেশ।
এ রকম সমাবেশ দেখে কিছুটা কৌতূহলবশত কাছে যাওয়া। যিনি কথা বলছিলেন, তাঁর নাম সাদিকুর রহমান। তিনি এই সাইকেল সমাবেশের অন্যতম সংগঠক ও উদ্যোক্তা। তাঁর কথা থামতেই সবাই চঞ্চল হয়ে ওঠে সাইকেল নিয়ে গন্তব্যে যেতে। যাত্রার আগে সবাইকে তাঁর এই দিকনির্দেশনা।
কথা বলে জানা গেল, কিশোর-তরুণদের এই সাইকেল যাত্রার বিশেষ কিছু লক্ষ্য আছে। ‘সুস্থ জীবন সুন্দর মন/ সাইকেল চালান, স্বাধীনতা উপভোগ করুন’ এই স্লোগান তাঁদের। এর একটা ব্যাখ্যাও পাওয়া গেল তাঁদের কাছ থেকে।
কি নগর, কি গ্রাম—এখন প্রায় সবখানেই রাস্তাঘাটের উন্নয়ন ও আধুনিক সব যানবাহনের কল্যাণে হাঁটাচলা কমে গেছে মানুষের। কমে গেছে শারীরিক পরিশ্রমের কাজ। কিন্তু সাইকেল চালাতে শারীরিক শ্রম হয়। এতে শরীর সুস্থ থাকে। শরীর সুস্থ থাকলে মন-মেজাজও ভালো থাকে। আবার সাইকেল চালানোয় স্বাধীনতা ও আনন্দ উপভোগ করা যায়।
সমাবেশে অংশগ্রহণকারীদের কথায়, সাইকেল চালানোর উপকারিতা অনেক। প্রতিদিন বাবা-মায়ের কাছে টাকার জন্য হাত পাততে হয় না। যখন যেখানে প্রয়োজন বিনা খরচে সহজে চলে যাওয়া যায়। শহরে যানজটে সাইকেল কাঁধে নিয়ে অনায়াসে জট পার হওয়া যায়।
সাদিকুর জানান, ২০১৩ সালে তাঁরা স্বাস্থ্যসচেতন কয়েকজন বন্ধু মিলে নিয়ম করে বিকেলে শহরে হাঁটাহাঁটি করতেন। কিছুদিন হাঁটাহাঁটির পর মনে হলো, সাইকেল নিয়ে ছুটলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। গঠন করলেন মৌলভীবাজার সাইকেল গ্রুপ। সে বছরই বিজয় দিবসে শুরু হয় গ্রুপের সাইকেল যাত্রা। প্রথমে সদস্য ছিলেন ২৭, এখন ১২০। নিয়মিত সাইকেল যাত্রায় থাকেন ৭০-৮০ জন। শুধু শহরই নয়, গ্রাম থেকে এসেও এ যাত্রায় যুক্ত হচ্ছেন অনেকে। অংশ নেওয়া বেশির ভাগই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। কেউ কেউ পড়াশোনার পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গেও জড়িত।
প্রতি শুক্রবার বিকেল চারটায় ওই বিদ্যালয়ের ফটকের সামনে সবাই নিজ নিজ সাইকেল নিয়ে হাজির হন। এরপর ঠিক করা হয় সেদিনের গন্তব্য। প্রতিবারই তিন থেকে পাঁচ কিলোমিটার দূরত্বের গন্তব্য ঠিক করা হয়। নির্দেশিত নিয়মে অন্যদের পথচলায় কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে এক সারিতে তাঁরা সাইকেল চালিয়ে গন্তব্যে যান। যেখানেই যান, সন্ধ্যার আগে ফিরে আসেন।
সাদিকুর জানালেন, প্রতি রোববার রাতে ব্যবসায়ীদের নিয়ে চলে আরেকটি সাইকেল যাত্রা। এখনো এটা বড় আকার নেয়নি। আস্তে আস্তে বাড়ছে। তাঁর কথায়, ‘ক্যাশে বসে বসে ব্যবসায়ীদের পেট বড় হচ্ছে। পেট নিয়ন্ত্রণ করতেই তাঁদের নিয়েও সাইকেল যাত্রার চিন্তা। সাড়াও মিলছে এতে।’
তবে শুধু স্বাস্থ্য ভালো রাখা আর আনন্দতেই থেমে নেই এ গ্রুপের কাজ। শহরকে পরিচ্ছন্ন রাখার বিষয়ও গ্রুপের সদস্যরা মাথায় রেখেছেন। সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সাদিকুর গড়ে তুলেছেন ভিন্ন একটি সংগঠনও। এর সঙ্গে সাইকেল গ্রুপের প্রায় সবাই যুক্ত। সংগঠনের কাজ, বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা। প্রতি রোববার এ আবর্জনা পরিষ্কারের কাজ করেন তাঁরা। এ জন্য সাইকেল যাত্রা করে প্রচারপত্রও বিলি করেন।
সাইকেল গ্রুপের অন্যতম সংগঠক আহমদ আলী বলেন, তাঁদের এই সাইকেল যাত্রার ভিন্ন একটি উদ্দেশ্যও আছে। তা হলো কিশোর-তরুণদের মাদকাসক্ত হওয়া থেকে দূরে রাখা। মাদক একটি অভিশাপ। এটা থেকে মুক্ত থাকার জন্য সাইক্লিং হতে পারে একটি সুন্দর নেশা।