স্বেচ্ছাশ্রমে একদিকে মেরামত, অন্যদিকে ভাঙছে বাঁধ
সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার মানুষ নিজেদের উদ্যোগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রিং বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢোকা বন্ধ ও সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে পানির চাপে ভেঙে পড়ার উপক্রম হয়েছে আশাশুনি প্রতাপনগর এলাকার প্রধান সড়কের কালভার্ট।
এর মধ্যেই বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় মুষলধারে বৃষ্টি হয়েছে। একই সঙ্গে জোয়ারে গ্রামগুলোয় নদীর নোনাপানি ঢোকা অব্যাহত রয়েছে। ফলে গৃহহীন মানুষের দুর্ভোগ বেড়েই চলছে।
কুড়িকাউনিয়া গ্রামের আবদুল খালেক ও সবিরন বিবি বলেন, না খেয়ে কিংবা আধপেটা খেয়ে অনেকে দিন কাটাচ্ছে। মাথা গোঁজার ব্যবস্থা না থাকায় দিন-রাতে একাধিকবার বৃষ্টিতে ভিজতে হচ্ছে তাদের।
স্থানীয় সূত্র জানায়, আশাশুনি সদরে ঠাকুরাবাদ, গাইয়াখালি, বলাবাড়িয়া, উত্তর বলাবাড়িয়া, হাসখালী, কমলাপুর, দাসেরআঁটি, কদন্ডা ও আলাদতপুর নতুন করে প্লাবিত হওয়ায় ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
সাত শতাধিক চিংড়িঘের ভেসে গেছে উল্লেখ করে আশাশুনি উপজেলার ভাইস চেয়ারম্যান অসীম কুমার চক্রবর্ত্তী বলেন, প্রতাপনগর ও শ্রীউলার মানুষ সর্বস্ব হারিয়েছে। এবার আশাশুনিতে গ্রামের পর গ্রামে পানি ঢুকছে।
আশাশুনি থেকে প্রতাপনগর যাতায়াতের প্রধান সড়কের খোলপেটুয়া এলাকায় এবং কপোতাক্ষ নদের জোয়ারের পানিতে ১৯ আগস্ট রাতে চার স্থানে ভেঙে কল্যাণপুর ও প্রতাপনগর গ্রাম তলিয়ে গেছে।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ ঢালী বলেন, কেউ ভাঙনকবলিত এই সড়ক বেঁধে পানি আটকানো ও যাতায়াতের ব্যবস্থা করছে না। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে কেউ খোঁজ নিতে পর্যন্ত আসেনি। তাই স্থানীয়ভাবে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়। গতকাল বুধবার থেকে স্বেচ্ছাশ্রমে গ্রামের মানুষ কাজ শুরু করেছেন।
শ্যামনগরের গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়ায় কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে যায় ঘূর্ণিঝড় আম্পানে। তখন স্বেচ্ছাশ্রমে ১০ দিন কাজ করে সেখানে রিং বাঁধ দিয়ে পানি আটকানো হয়। ১৯ আগস্ট জোয়ারের তোড়ে এক কিলোমিটারের ওই বাঁধের ছয়টি স্থানে ভেঙে গেছে।
বৃহস্পতিবার বেলা দুইটার মধ্যে ভাঙনকবলিত এলাকা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধা হয়। কিন্তু বেলা তিনটার দিকে আরও সাতটি স্থানে ভেঙে যায়। এতে গাবুরা, নেবুবুনিয়া, চকবারা, খলিশাবুনিয়া, খোলপেটুয়া, ডুমুরিয়া, লক্ষ্মীখালী ও গাইনবাড়ি এলাকা তলিয়ে যায়। সব মিলিয়ে ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হাজারখানেক চিংড়িঘের ভেসে গেছে।
সাতক্ষীরার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-১–এর শ্যামনগর শাখা কর্মকর্তা মাসুদ রানা বলেন, এলাকাবাসীর সহযোগিতায় রিং বাঁধ সংস্কার করে প্রাথমিকভাবে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করা হয়। এই বাঁধ যাতে নতুন করে ভেঙে না যায়, সে জন্য কাজ করা হচ্ছে।
পাউবোর বিভাগ-২–এর আশাশুনি শাখা কর্মকর্তা রাব্বি হাসান বলেন, প্রতাপনগরে আটটি স্থানে বাঁধ ভেঙেছে। ইতিমধ্যে দুটি স্থানে ঠিকাদার কাজ করছেন। অন্য স্থানগুলোতে জরুরি ভিত্তিতে কাজের জন্য ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
আশাশুনি উপজেলা এলজিইডির প্রকৌশলী আক্তার হোসেন বলেন, প্রতাপনগরে ১৩ কিলোমিটার ও শ্রীউলায় ১০ কিলোমিটার জোয়ারের পানিতে সড়ক ভেঙে গেছে। ইতিমধ্যে জরিপের পর প্রকল্প আকারে ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ দ্রুত পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা।