স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওলারঘাট এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ করছেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কেওলারঘাট এলাকায় স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ করছেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো

এক কিলোমিটার দীর্ঘ কাঁচা রাস্তার বিভিন্ন স্থান ভাঙাচোরা। বৃষ্টি হলেই ভাঙা অংশ কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন তিন গ্রামের দুই হাজার মানুষ। দুর্ভোগ দূর করার জন্য গ্রামবাসী জনপ্রতিনিধিদের কাছে কয়েকবার গিয়েছিলেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাই নিজেদের সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে এলেন। নেমে পড়লেন রাস্তা সংস্কারের কাজে।

এই গ্রাম্য রাস্তাটি কেওয়ালীঘাট গ্রাম থেকে বনগাঁও পর্যন্ত চলে গেছে। এই রাস্তা দিয়ে কেওয়ালীঘাট গ্রাম ছাড়াও পাশের বনগাঁও ও মধ্যভাগ গ্রামের মানুষ আদমপুর ইউনিয়ন সদরে যাতায়াত করেন। তাঁদের মধ্যে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, সবজি ব্যবসায়ীও রয়েছেন। রাস্তার অবস্থা খারাপ থাকায় কয়েক দিন ধরে কেওয়ালীঘাট গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে কয়েক দিন আগে সংস্কারকাজ শুরু করেন।

গত রোববার সকালে গিয়ে দেখা যায়, হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে কেওয়ালীঘাট গ্রামের শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ টুকরি ও কোদাল নিয়ে পাশের জমি থেকে মাটি কেটে রাস্তায় ফেলছেন।

 রাস্তা সংস্কারকাজে ব্যস্ত কুতুব আলী, আবদুল মন্নান, রশিদ উদ্দিন, আবদুল লতিফ, শাকিল আহমেদ, সিরাজ উদ্দিন, ফায়াজ উদ্দিন, সিদ্দিকুর রহমান বলেন, রাস্তার অনেক স্থান ভেঙে ধানি জমির সঙ্গে মিশে গেছে। এই দুরবস্থার বিষয়ে অবহিত থাকলেও রাস্তা সংস্কারে তিনি কোনো ব্যবস্থা নেননি। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও তাঁরা তহবিল নেই বলে এ কাজ করা যাবে না বলে জানিয়ে দেন। অথচ ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি বা এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এ রাস্তার কাজ সহজেই করা যেত।

আদমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য জুমের আলী বলেন, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বরাদ্দ না এলে রাস্তা সংস্কার একজন সদস্যের পক্ষে সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ উদ্যোগ না নেওয়ায় বাধ্য হয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ অর্ধশতাধিক মানুষ গত রোববার থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। গতকাল সোমবারও স্বেচ্ছাশ্রমে এ রাস্তার সংস্কারকাজ চলেছে।

এ বিষয়ে আদমপুর ইউপির চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, তাঁর ইউনিয়নে সরকারের কর্মসৃজন ও এলজিএসপি প্রকল্প চলমান রয়েছে। গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে শিগগিরই ওই রাস্তায় সংস্কারকাজ করা হবে।