স্বেচ্ছাশ্রমে ৩৩০ ফুট কাঠের সেতু নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাই নদের ওপর গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু তৈরি করেছেন। গতকাল জামালপুরের সরিষাবাড়ীর চুনিয়াপটল এলাকায়
ছবি: প্রথম আলো

সরকারি সহায়তার আশায় বসে না থেকে জামালপুরের সরিষাবাড়ীতে চুনিয়াপটল গ্রামের বাসিন্দারা ঝিনাই নদের ওপর স্বেচ্ছাশ্রমে ৩৩০ ফুট কাঠের সেতু নির্মাণ করেছেন। নির্মাণকাজ শেষ হওয়ার পর গতকাল শুক্রবার দুপুরে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এতে ১৪টি গ্রামের মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে।

সাতপোয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও চর চুনিয়াপটল গ্রামের বাসিন্দা ফজলুল হক বলেন, ২০২০ সালে গ্রামের এক শিশু নৌকা ডুবে মারা যায়। এরপর গ্রামবাসী টাকা তুলে এ সেতুর নির্মাণকাজ শুরু করেন।

স্থানীয় ব্যক্তিরা বলেন, তাঁরা গত ২০ সেপ্টেম্বর সেতু নির্মাণের কাজ শুরু করেন। প্রথমে সেতুর জন্য চলে গাছ ও টাকা সংগ্রহের কাজ। এরপর পাইলিং করে এর মধ্যে কাঠের ভিত দেওয়া হয়। এর ওপর কাঠের পাটাতন নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৩৩০ ফুট ও প্রস্থ ৮ ফুট। সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

গ্রামের মুসলিম উদ্দিন মণ্ডল বলেন, ‘সেতু করার জন্য আমি গাছ দিয়েছি। দুই মাস সেতুর জন্য কাজ করছি। যাতে পারাপারে মানুষের কষ্ট করা না লাগে।’

গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, ইউনিয়নের চুনিয়াপটল গ্রামের পাশ দিয়ে ঝিনাই নদ বয়ে গেছে। এ নদ পার হয়ে চুনিয়াপটল, সেঙ্গুরিয়া, চর রৌহা, ছাতারিয়া, চর সরিষাবাড়ী, বাঘমারা, আদ্র, জামিরা, দীঘলকান্দি, নান্দিনা, কোনারপাড়া, মাজারিয়া, সিধুলিসহ ১৪ গ্রামের ৮০ হাজার মানুষ বাঁশের সাঁকো ও নৌকা দিয়ে উপজেলা সদরে যাতায়াত করত। নদে পানি বেশি থাকলে নৌকা দিয়ে পারাপার হতো মানুষ। ২০২০ সালে চুনিয়াপটল গ্রামের হাসেন আলীর ছেলে শিপন (৫) নৌকাডুবিতে মারা যায়। এ ঘটনার পর তাঁরা আর সরকারি সহায়তার আশায় বসে না থেকে সেতু নির্মাণের উদ্যোগ নেন।

চুনিয়াপটল গ্রামের শিক্ষার্থী সাদিকুর রহমান বলে, করোনার জন্য সম্প্রতি দেড় বছর স্কুল বন্ধ ছিল। এর আগে সারা বছর নৌকা দিয়ে নদ পার হয়ে স্কুলে যেতে হতো। এখন আর সে সমস্যা হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, গ্রামবাসীর এ উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, পাকা সেতু নির্মাণের প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।