স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর হত্যা মামলার তিন আসামি কারাগারে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান (২৮) হত্যা মামলার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হত্যা মামলার তিন আসামি হলেন উত্তর জেলা যুবদল নেতা তৌফিকুল ইসলাম (৪৫), তাঁর ছোট ভাই মাজহারুল ইসলাম (৪০) ও শরীয়ত উল্লাহ (৩৮)। ওই আসামিরা আগে থেকেই কারাগারে ছিলেন।
যুবদল নেতা তৌফিকুল ইসলাম, তাঁর ছোট ভাই মাজহারুল ইসলাম ও শরীয়ত উল্লাহ আইনজীবীর মাধ্যমে আজ বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতে জামিন আবেদন করেন। কিন্তু ওই আদালতের বিচারক মাহবুবা আক্তার জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০২০ সালের ১৭ অক্টোবর রাতে দুর্বৃত্তরা গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমানকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডের দুদিন পর নিহত মাসুদুরের ছোট ভাই আবিদুর রহমান ১৪ জনের নাম উল্লেখ করে গৌরীপুর থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় আরও পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর আগে ঘটনার দিন রাতেই মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ চারজনকে এ ঘটনায় সন্দেহজনক আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।
মাসুদুর হত্যা মামলার ১৯ আসামির মধ্যে হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন ৮ জন। তাঁরা হলেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, বিএনপি নেতা রিয়াদ এবং স্থানীয় কার্জন, মজিবুর, রেজা, কামাল, জাহাঙ্গীর ও রাসেল। এ মামলার ১০ আসামি কারাগারে আছেন। এ হত্যা মামলার এক আসামি এখনো পলাতক।