স্বেচ্ছাসেবা মানুষকে সমৃদ্ধ করে
মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন তাঁরা। বয়সে তাঁরা প্রায় সবাই তরুণ। কেউ রিকশাচালক, কেউ শিক্ষার্থী, কেউ আবার রাজমিস্ত্রি। তাঁদের কেউ দরিদ্র শিশুদের শিক্ষার জন্য কাজ করেন। কেউ গাছ থেকে পেরেক তোলেন। কেউ অনুষ্ঠানের বেচে যাওয়া খাদ্য সংগ্রহ করে ছিন্নমূল শিশুদের মধ্যে বিতরণ করেন।
নারীদের অধিকার আদায় ও পরিবেশদূষণ রোধে কেউ কেউ কাজ করে যাচ্ছেন। দুস্থ রোগীদের স্বেচ্ছায় রক্তদানে পাশে দাঁড়ান অনেকে। তাঁদের এ ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা মানুষকে সমৃদ্ধ করে। এগিয়ে নেয় দেশকে, আলোকিত করে প্রজন্মকে। বদলে দেয় ব্যক্তি ও সমাজকে।
দেশে তরুণদের এমন স্বেচ্ছাসেবাকে উৎসাহ দিতে শুরু হচ্ছে ‘স্বেচ্ছাসেবা সম্মাননা ২০২০’। ভালো কাজের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ নিয়েছে ভলান্টারি সার্ভিসেস ওভারসিজ (ভিএসও) এবং প্রথম আলো। এ উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার যশোরে ভিএসও-প্রথম আলো স্বেচ্ছাসেবা সম্মাননাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় যশোরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ৮০ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননাপ্রাপ্ত শিক্ষক তারাপদ দাস, শিক্ষাবিদ মুস্তাফিজুর রহমান, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রথম আলোর সহকারী সম্পাদক ফিরোজ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তৃতা করেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মাসুদ আলম।
স্বেচ্ছাসেবা সম্মাননা উদ্যোগ সম্পর্কে ফিরোজ চৌধুরী বলেন, যাঁরা স্বেচ্ছাশ্রমে কাজ করেন, তাঁদের কিছুটা সম্মানিত করতে ওই স্বেচ্ছাসেবা সম্মাননার আয়োজন করা হয়। কৃষি, পরিবেশ ও জলবায়ু, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, স্বাস্থ্য, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, কর্মমুখী দক্ষতা উন্নয়ন ও জরুরি দুর্যোগ ব্যবস্থাপনায় কাজ করা স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হবে। তবে ৩৫ বছরের ওপরে কেউ ওই সম্মাননার জন্য আবেদন করতে পারবেন না।
অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, সরকারি সিটি কলেজের প্রভাষক আবদুর রহিম, উপশহর মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহানাজ পারভীন, সুরধুনী সংগীত নিকেতনের সভাপতি হারুণ অর রশিদ, প্রত্নতত্ত্ব সংগ্রাহক লুৎফর রহমান, যশোর বন্ধুসভার সভাপতি মোয়াজ্জেম হোসেন, শহিদুল ইসলাম, ওয়াহেড আলী সরদার, অনিকা তাবাসসুম, আশিক ইকবাল, খালিদুর রহমান, বোরহান ইউসুফ, মোস্তাফিজুর রহমান, শৈল শেখর মনেশ, সাধান কুমার দাস, আরিফ জিয়া প্রমুখ।
ফুড ব্যাংকিং কল্যাণ যশোর সংস্থার সভাপতি অনিকা তাবাসসুম বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাদ্য সংগ্রহ করে আমরা ছিন্নমূল শিশুদের মধ্যে বিতরণ করি।’
অতিথি তারাপদ দাস বলেন, ‘পড়াশোনার পাশাপাশি এতগুলো তরুণ ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে দেখে সত্যি আমি অবাক হয়েছি।’
মুস্তাফিজুর রহমান বলেন, ‘স্বেচ্ছাসেবা মহৎ কাজ। এ কাজ ব্যক্তিকে মানবিক করে। সমাজকে মানবিক হতে সাহায্য করে। এ রকম একটি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
অনুষ্ঠানে প্রথম আলোর ভিডিও চিত্র নায়ক ও অধিনায়কেরা, ভিএসও ভিডিও, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।