স্মার্ট কার্ড বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্ট কার্ড বিতরণের সময় ভোটারদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিসের প্রতিচ্ছবি সংগ্রহ করা হয়। গতকাল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তোলা ছবি l  প্রথম আলো
স্মার্ট কার্ড বিতরণের সময় ভোটারদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিসের প্রতিচ্ছবি সংগ্রহ করা হয়। গতকাল রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে তোলা ছবি l প্রথম আলো

উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু হয়েছে গতকাল সোমবার। তবে প্রথম দিনে কিছু অব্যবস্থাপনা ও যান্ত্রিক ত্রুটি ছিল। কর্মকর্তারা বলেছেন, ভুল থেকে অভিজ্ঞতা নিয়ে ব্যবস্থাপনাকে আরও শুধরানো হবে। এদিকে প্রথমবারের মতো স্মার্ট কার্ড পাওয়া বেশির ভাগ নাগরিক উচ্ছ্বসিত।

স্মার্ট কার্ড দেওয়ার সময় ভোটারের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিসের প্রতিচ্ছবি সংগ্রহ করা হয়। সরেজমিনে দেখা গেছে, টেবিলের ওপর রাখা স্ক্যানারটি অনেকেরই ১০ আঙুলের ছাপ নিতে ব্যর্থ হয়। এসব ক্ষেত্রে আট-নয় আঙুলের ছাপ নিয়ে কার্ড দেওয়া হয়। এদিকে সকাল ৯টা থেকে কার্ড বিতরণের কথা থাকলেও উত্তরায় যান্ত্রিক ত্রুটির কারণে দুপুর ১২টা পর্যন্ত বিতরণ বন্ধ ছিল।

দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন, যাঁদের কার্ড খুঁজে পাওয়া যায়নি তাঁদেরটা কমিশন সচিবালয় নিজেদের দায়িত্বে পৌঁছে দেবে।

গতকাল বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাকরাইল (রমনা থানার অংশ), ডিআইটি কলোনি, নিউ বেইলি রোড ও কাকরাইল (মতিঝিল থানার অংশ) এলাকার ভোটারদের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। একই জায়গায় আজ মঙ্গলবার ইস্কাটন গার্ডেন এলাকার কার্ড দেওয়া হবে। এদিকে উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের উত্তরার সেক্টর-১ ও ২-এর ভোটারদের কার্ড দেওয়া হয় উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই জায়গায় আজ সেক্টর ১০ ও রানাভোলা এলাকার কার্ড দেওয়া হবে।

গতকাল বেইলি রোডের নওরতন কলোনির বাসিন্দা জেবুন্নেসা হিলালী বলেন, তাঁর কার্ড আসেনি।

কাকরাইলের বাসিন্দা জেসমিন আরা বেগম তাঁর মেয়ে তানজিয়া মুনির ও সাব্বিরা মুনিরকে নিয়ে একই বাসায় থাকেন। কিন্তু কার্ড পেয়েছেন কেবল সাব্বিরা। বাবাকে নিয়ে স্মার্ট কার্ড নিতে এসে সিলভিয়া রশীদ পেয়েছেন কেবল তাঁরটি, বাবারটি পাওয়া যায়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, প্রথম দিনে কিছুটা ভুল-ভ্রান্তি থাকবেই। ভুল থেকে অভিজ্ঞতা নিয়ে আস্তে আস্তে শুধরে নেওয়া হবে।

উত্তরার থানা নির্বাচন কর্মকর্তা মো. শাহ জালাল বলেন, সফটওয়্যারের ত্রুটির কারণে সকাল ৯টা থেকে প্রায় দুপুর ১২টা পর্যন্ত মূল তথ্যভান্ডারের সঙ্গে সংযোগ পাওয়া যায়নি। সংযোগ পাওয়ার পর উপস্থিত ভোটারদের কার্ড দেওয়া হয়।

উত্তরা ২ নম্বর সেক্টরের বাসিন্দা লুৎফুন নাহার কার্ড হাতে নিয়ে বলেন, নতুন কার্ড পেয়ে তিনি খুশি। তবে তাঁর প্রত্যাশা ছিল, নতুন কার্ড দেওয়ার আগে তথ্য হালনাগাদ করা হবে। কিন্তু তাঁর কার্ডে রয়েছে পুরোনো তথ্য।