রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তাদের অভিযোগ, স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অন্যদের তুলনায় নিচে স্থাপন করা হয়েছে।
এর প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তারা স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংস্কার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দেয়। গতকাল বেলা একটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা দলীয় টেন্টে মিলিত হন। সেখান থেকে তাঁরা বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে ক্যাম্পাসে খালি পায়ে হেঁটে স্মৃতিফলকের সামনে সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু না থাকলে আজকের এই বাংলাদেশ, এই লাল-সবুজের পতাকা আমরা পেতাম না। বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বঙ্গবন্ধু সবার ঊর্ধ্বে। কিন্তু ক্যাম্পাসে নির্মাণাধীন এই স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিচের দিকে স্থাপন করে তাঁকে ছোট করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আলটিমেটাম দিয়ে তাঁরা বলেন, অবিলম্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংস্কার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শহীদ বুদ্ধিজীবীর স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের উত্তর-পশ্চিম পাশে নির্মাণ করা হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক। ২০১৬ সালের ১০ আগস্ট স্মৃতিফলকটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। স্মৃতিফলকটির এক পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তিন বুদ্ধিজীবীর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এর বিপরীত দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি একটু নিচের দিকে স্থাপন করা হয়েছে। ফলকটি এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি।