স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নতুন প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
ছবি: প্রথম আলো

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে নবনিযুক্ত বিচারপতি সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান।

হাসান ফয়েজ সিদ্দিকী বেলা ১১টা ৫৫ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। প্রধান বিচারপতির সফরসঙ্গী ছিলেন আপিল বিভাগের বিচারক, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার। এ ছাড়া স্মৃতিসৌধে তাঁদের সঙ্গে ছিলেন ঢাকার জেলা প্রশাসক, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রমুখ।

গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বিকেল চারটায় বঙ্গভবনের দরবার হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, মন্ত্রিপরিষদের সদস্য, সাবেক প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, তিন বাহিনীর প্রধানেরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।