স্মৃতিসৌধে ফুল দেওয়া নিয়ে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজীতে শহীদ বেদিতে একাত্তরের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে স্থানীয় সাংসদের সমর্থক ও আওয়ামী লীগ-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে বিজয় দিবস উপলক্ষে একাত্তরের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাহ ও স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ ভিড় জমায়। সকাল সাড়ে সাতটায় শহীদবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হলে সাংসদ রহিম উল্যাহর সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা এবং হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষই তাদের নেতাদের নাম ধরে গালিগালাজ করতে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, সাংসদ রহিম উল্যাহ চরাঞ্চলের জলদস্যুদের নিয়ে জুতা পায়ে শহীদবেদিতে উঠে বিশৃঙ্খলা করতে চাইলে তিনি বাঁধা দেন। তিনি বলেন, প্রতিটি দিবস পালনের সময় সাংসদ তাঁর সমর্থকদের দিয়ে ঝামেলা সৃষ্টি করেন। আজও তাঁর সমর্থকেরা শহীদবেদিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাম ধরে গালমন্দ করতে থাকেন। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা এর প্রতিবাদ জানিয়েছেন।

সাংসদ রহিম উল্যাহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে স্মৃতিসৌধে যান। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী তাঁর নাম ধরে অশালীন স্লোগান দিতে থাকেন। পরে তিনি শহীদবেদিতে ফুল দিতে গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ফুল দিতে বাঁধা দেয় এবং তাঁর হাতে থাকা ফুল নিয়ে ছিঁড়ে ফেলেন।

রহিম উল্যাহ বলেন, ফুল দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর সমর্থকদের সঙ্গে হাতাহাতি ও তর্কে লিপ্ত হয়ে তাঁকে ফুল দেওয়া থেকে বিরত রাখতে চেষ্টা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ফুল দেওয়াকে কেন্দ্র করে স্মৃতিসৌধে সাংসদ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি এবং বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। পরে পুলিশ দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, যদি কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায়, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।