শৈশবের প্রিয় শিক্ষকদের আদর, ভালোবাসা আর শাসনের কথা বলতে গিয়ে অনেকের চোখের জলে ভিজে যায়। প্রিয় শিক্ষকদের যথাযথ সম্মান করার তাগিদ দেন অনেকে। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা তুলে ধরে অনেকে তাঁদের ‘নিঃস্বার্থ কারিগর’ বলে আখ্যায়িত করেন।
আজ সোমবার সকালে রংপুরে প্রথম আলো আঞ্চলিক অফিসে আয়োজিত ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২১’ শীর্ষক আঞ্চলিক সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। প্রথম আলোর রংপুরের নিজস্ব প্রতিবেদক আরিফুল হকের সঞ্চালনায় সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ নানা শ্রেণি–পেশার মানুষ শৈশব-কৈশোরের প্রিয় শিক্ষকদের নিয়ে স্মৃতিচারণা করেন।
শৈশবের প্রিয় শিক্ষক মোসলেম উদ্দিনের কথা স্মৃতিচারণা করতে গিয়ে কাউনিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাশ্বত ভট্টাচার্য বলেন, ‘স্যার আমাকে মা–মাটিকে ভালোবাসতে শিখিয়েছেন। আমি তাঁর কাছে চিরঋণী। তিনি কখনো বেত নিয়ে দাঁড়িয়ে থেকে শাসন করেননি, সব সময় আদর-ভালোবাসা দিয়েছেন। সেই শিক্ষকসহ আরও অনেক শিক্ষকের কথা মনে হলে আজও চোখে জল আসে।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন তুহিন ওয়াদুদ বলেন, তাঁর চিন্তাচেতনা গঠনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের যে অবদান, সেটাকে পুঁজি করেই তিনি এখনো চলছেন।
এদিকে প্রথম আলোর যুব কার্যক্রম ও অনুষ্ঠানপ্রধান মুনির হাসান বলেন, শিক্ষকেরা শৈশব-কৈশোরে আলোর দিশারি হয়ে জীবন গঠনে পথ দেখিয়েছেন। মহান শিক্ষকদের সম্মানিত করতেই প্রথম আলো ও আইপিডিসির যৌথ উদ্যোগে এ আয়োজন বলে জানান তিনি।
সুধী সমাবেশে অন্যদের মধ্যে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসান উজ জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নিত্য ঘোষ, রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শফিয়ার রহমান, লালকুঠি স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকার, লেখক ও সাহিত্যিক রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রিয় শিক্ষকদের নিয়ে তৈরি দুটি তথ্যচিত্র বড় পর্দায় দেখানো হয়। এ ছাড়া প্রিয় শিক্ষক সম্মাননার মনোনয়ন জমা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। রংপুর বন্ধুসভার সদস্যরা এ অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।