সাত্তার মাদবর, মঙ্গল মাঝি-শিমুলিয়া নৌপথে আজ বুধবার সকালে পরীক্ষামূলক ফেরি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল বিআইডব্লিউটিসি। কিন্তু চ্যানেলের মুখে স্রোত থাকায় ও পানির গভীরতা কমে যাওয়ায় তা সম্ভব হয়নি।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, এই নৌপথের পদ্মা সেতুর চ্যানেলে মঙ্গলবার পানির গভীরতা ছিল ১০-১২ ফুট। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খনন বিভাগ থেকে এ তথ্য দেওয়া হয়। পানির এ গভীরতা দিয়ে ফেরি চলাচল সম্ভব বলে মত দিয়েছিল সংস্থাটির নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ। এরপর এ নৌপথে বুধবার সকাল ১০টায় পরীক্ষামূলক ফেরি চলাচলের প্রস্তুতি নেওয়া হয়।
মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে কুঞ্জলতা নামের একটি ফেরিকে শরীয়তপুরের জাজিরায় সম্প্রতি নির্মিত সাত্তার মাদবর ঘাটে নেওয়ার প্রক্রিয়া শুরু করেন বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু বিআইডব্লিউটিএর জরিপ দল জানিয়ে দেয়, ওই নৌ চ্যানেলের মুখে তীব্র স্রোত রয়েছে। পাশাপাশি পানির গভীরতা কমে গেছে। ফলে ফেরি চালানো যাবে না।
এরপর ওই কর্মকর্তারা সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নৌপথটি পরিদর্শনে যান। পরিদর্শনের পর তাঁরা জানান, পদ্মা সেতুর চ্যানেল দিয়ে ফেরি চলাচল করবে। গত কয়েক দিনের জরিপে দেখা গেছে, সেতুর ৩৭ থেকে ৪১ নম্বর পিয়ার পর্যন্ত পানির গভীরতা কম ছিল। সেই স্থানে খননের সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার সেখানে খননের চেষ্টা করা হয়। কিন্তু স্রোতের কারণে খনন করা যায়নি।
এরই মধ্যে স্রোতের কারণে হাজরা চ্যানেলের মুখে পদ্মা সেতুর নিচের অংশের একটি চরে ভাঙন দেখা দেয়। সেখানকার বালু চ্যানেলের মুখে পুরোনো লৌহজং টার্নিংয়ের কাছে এসে জমা হচ্ছে। এ কারণে সেতুর ২৮ থেকে ৩১ নম্বর পিয়ারের কাছে পানির গভীরতা কমে এসেছে। মঙ্গলবার ওই স্থানে পানির গভীরতা ৯ ফুট ছিল। বুধবার সকাল নয়টায় তা কমে দাঁড়ায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুটে। মূলত এ কারণেই বুধবার সকালে এ নৌপথে পরীক্ষামূলক ফেরি চালানো যায়নি।
বিআইডব্লিউটিএর খনন বিভাগের সহকারী প্রকৌশলী হাসান আহম্মেদ প্রথম আলোকে বলেন, এখন তীব্র স্রোত পদ্মায়। স্রোতের সঙ্গে আসা বালু ভরাট হয়ে পানির গভীরতা কমে যাচ্ছে। কখনো বালু সরে গিয়ে গভীরতা বেশি হচ্ছে। নৌপথের ওই স্থানে জরিপ দলের সদস্যরা কাজ করছেন। তাঁদের কাছ থেকে ইতিবাচক মতামত পেলেই খনন শুরু করা হবে।
বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্র জানায়, পদ্মায় স্রোত বৃদ্ধি পাওয়ায় বেশ কিছুদিন ধরে মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। এর মধ্যে গত দুই মাসে চার দফায় পদ্মা সেতুর পিয়ারে ফেরির ধাক্কা লাগে। ফলে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ১৪ দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় মানুষ বিপাকে পড়েছে। এ অবস্থায় জরুরি সেবা নিশ্চিত করতে শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর, মঙ্গল মাঝির ঘাট এলাকায় নতুন ফেরিঘাট নির্মাণ করে বিআইডব্লিউটিএ। পরে সেখানে রো রো ফেরির নতুন একটি পন্টুন বসানো হয়।
এই নৌপথের জাজিরার নাওডোবা পদ্মা সেতুর চ্যানেল ধরে ভাটিতে ফেরিগুলো চলাচল করার কথা। এতে ফেরিগুলো পদ্মা সেতুর পিয়ার থেকে ৩০০ থেকে ৫০০ মিটার দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারবে। পাশাপাশি নৌপথের দূরত্ব দুই কিলোমিটার কমবে, বাঁচবে সময়। গত শুক্রবার থেকে সাত্তার মাদবর, মঙ্গল মাঝি-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল শুরুর কথা ছিল। কিন্তু নাব্যতা-সংকট থাকায় ফেরি চলাচল শুরু করা যায়নি। নতুন ঘাট হয়ে ছোট ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, সরকারি দপ্তরের জরুরি গাড়ি পারাপার হবে। এ জন্য চলাচল করবে তিন-চারটি কে টাইপের ফেরি।
জানতে চাইলে বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের পরিচালক আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা বিআইডব্লিউটিএর নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগ ও খনন বিভাগের মতামতের ভিত্তিতে বুধবার সকালে পরীক্ষামূলক ফেরি চালানোর প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু চ্যানেলটির নতুন কিছু স্থানে হঠাৎ পানির গভীরতা কমে গেছে। পদ্মার ভাঙন থাকায় পলি পড়ছে, যা প্রতিনিয়ত গভীরতার পরিবর্তন আনছে। তাঁরা নৌপথটি পর্যবেক্ষণে রাখছেন। জরিপ দল সার্বক্ষণিক নদীতে আছে। তারা মত দিলেই ফেরি চালানো শুরু হবে।