কুমিল্লা নগর
সড়ক গিলছে খাল, দুর্ভোগ
কুমিল্লা নগরের টমছমব্রিজ থেকে নোয়াগাঁও পর্যন্ত কান্দিখালের অর্ধেকের বেশি ভরাট করে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের প্রস্থ বাড়ানো হচ্ছে।
কুমিল্লা-নোয়াখালী চার লেন মহাসড়কের কুমিল্লা নগরের টমছমব্রিজ থেকে নোয়াগাঁও পর্যন্ত কান্দিখালের অর্ধেকের বেশি অংশ ভরাট করে সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে শহরে জলাবদ্ধতা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। উপরন্তু উন্নয়নকাজের ধীরগতির কারণে মহাসড়কে বালু উড়ছে। এতে এসব এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
এ বিষয়ে সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য প্রস্তাব করা আছে। কান্দিখালের পূর্ব পাড়ের ও খালের কিছু অংশের জায়গা সওজের। সড়ক সম্প্রসারণ করায় খাল ছোট দেখাচ্ছে।’
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লা কার্যালয় সূত্র জানায়, কুমিল্লা নগরের টমছমব্রিজ থেকে নোয়াগাঁও পর্যন্ত অন্তত এক কিলোমিটার এলাকার কান্দিখাল ভরাট হচ্ছে। খালের পূর্ব পাড়ে আশ্রাফপুর এলাকা ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক। খালের পশ্চিম অংশে টমছমব্রিজ, পানি উন্নয়ন বোর্ড, সওজ, সামাজিক বন বিভাগের কার্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শাকতলা এলাকা। খালের এই অংশ দিয়ে কুমিল্লা নগরের ভবন, বাসা ও বৃষ্টির পানি নামে। চার বছর আগে কুমিল্লা-নোয়াখালী মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়। এতে সড়ক সম্প্রসারণ করতে গিয়ে মূল খালের প্রস্থের অর্ধেকের বেশি অংশ ভরাট করা হয়েছে। আগে খালের প্রস্থ ছিল ১৬ ফুট। খালের মধ্যে এখন কোথাও তিন হাতের মতো, কোথাও পাঁচ হাতের মতো প্রস্থ রয়েছে। খালটি সরু হয়ে জলের ক্ষীণধারা বইছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় টমছমব্রিজ কোটবাড়িমুখী সেতু এলাকায় গিয়ে দেখা গেছে, খালের মধ্যে পাইলিং করে হচ্ছে। খালের অর্ধেকের বেশি অংশ রিটার্নিং দেয়াল তৈরির কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের ফটকের সামনে বালু দিয়ে খাল ভরাট করা হচ্ছে। শাতকলা এলাকায় মাটি ফেলা হচ্ছে খালে। সড়ক ভবনের সামনে বৈদ্যুতিক খুঁটিও মূল সড়কের ভেতরে ঢুকে গেছে।
স্থানীয় কয়েকজন বলেন, চার বছর ধরে এই সড়কের উন্নয়নকাজের জন্য আশপাশের বাসিন্দা ও যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে সংস্কারের কারণে দীর্ঘ যানজট হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমে ওই পথ পাড়ি দিতে নাকাল হতে হবে ঘরমুখী যাত্রীদের। এই মহাসড়ক দিয়ে প্রতিদিন নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লার সাত উপজেলার বাসিন্দারা যাতায়াত করেন। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পণ্যবাহী বাহন এই সড়ক দিয়ে কুমিল্লা নগরে প্রবেশ করে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুমিল্লা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ অক্টোবর কুমিল্লা নগরের টমছমব্রিজ থেকে নোয়াখালী জেলার বেগমগঞ্জ পর্যন্ত ৫৯ কিলোমিটার চার লেন প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে কুমিল্লা অংশে ৪৫ কিলোমিটার ও নোয়াখালী অংশে ১৪ কিলোমিটার। চার লেনের ওই মহাসড়ক নির্মাণের জন্য প্রকল্প ব্যয় ধরা হয় ২ হাজার ৩০ কোটি ৬৩ লাখ টাকা। চলতি বছরের ৩০ জুন এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, ‘কান্দিখাল ভরাট করে চার লেন মহাসড়ক সম্প্রসারণের কারণে কুমিল্লা নগরে জলাবদ্ধতা আরও বাড়বে। টমছমব্রিজ থেকে নোয়াগাঁও পর্যন্ত খালের সঙ্গে মিলিয়ে কেটে ওপরে সড়ক, নিচে খাল রাখলে পানিপ্রবাহে বাধা হতো না। পরিকল্পনার অভাবে খালটি সরু হয়ে গেল। ধীরগতি ও প্রকল্পের মেয়াদ দফায় দফায় বাড়ার কারণে জনভোগান্তিও বাড়ছে।’
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, ‘সড়কের জন্য খাল সংকুচিত হয়েছে। এখন যেটুকু আছে, সেটিকে সংস্কার করে পানির প্রবাহ ধরে রাখা হবে।’