সড়ক থেকে তুলে নিয়ে যাওয়া দেড় বছরের শিশুটি তিন দিনেও উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি আক্তার
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় এক দরিদ্র পরিবারের দেড় বছরের শিশুটি চুরি হওয়ার পর তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে শিশুকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছে আশুলিয়া থানা–পুলিশ।

আশুলিয়ার টেঙ্গুরী এলাকায় গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে একটি মুদিদোকানের সামনে থেকে দেড় বছরের শিশু আঁখি আক্তারকে কোলে তুলে নিয়ে চলে যান অজ্ঞাতপরিচয় এক যুবক। আঁখি আক্তার টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার পাইক্কা গ্রামের সাদ্দাম হোসেন ও মিরা আক্তার দম্পতির মেয়ে। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী এলাকায় আলী হোসেনের বাড়িতে ভাড়ায় থেকে সাদ্দাম রাজমিস্ত্রির কাজ করেন। মিরা আক্তার পোশাক কারখানায় কর্মরত।

পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার ভাড়া বাসার কাছাকাছি একটি মুদিদোকানের সামনে পাঁচ বছর বয়সী ভাই মিরাজের সঙ্গে দাড়িয়ে ছিল আঁখি আক্তার। এ সময় অজ্ঞাতপরিচয় এক যুবক আঁখিকে কোলে তুলে নিয়ে দ্রুত ওই স্থান থেকে চলে যান। এ ঘটনায় পরদিন শুক্রবার সকালে আঁখির দাদা আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় যুবককে আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অজ্ঞাতপরিচয় এক যুবক ঘটনার কয়েক দিন আগে আলী হোসেনের বাড়িতে কক্ষ ভাড়া নিতে আসেন। বাড়ির ব্যবস্থাপক না থাকায় তিনি চলে যান। বৃহস্পতিবার তিনি পুনরায় ভাড়া নেওয়ার বিষয়ে কথা বলতে আসেন। আলাপের একপর্যায়ে শিশু মিরাজ ও আঁখিকে ১০ টাকা দিয়ে দোকান থেকে চকলেট কিনে খাওয়ার জন্য পাঠান ওই যুবক। এরপর দ্রুত তিনি নিজেও বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে দোকানের কাছে গিয়ে আঁখিকে কোলে নিয়ে সেখান থেকে চলে যান।

আঁখি আক্তারের মা মিরা আক্তার বলেন, ‘ওই দিন (বৃহস্পতিবার) আমি অফিসেই ছিলাম। মেয়েকে কেউ চুরি করে নিয়ে গেছে শুনে বাসায় চলে আসি। আমার মেয়েকে নিয়ে যেতে অনেকেই দেখেছে। সবাই ভেবেছে, ওই যুবক আমাদের আত্মীয়, তাই কেউ কিছু বলেনি।’

আশুলিয়া থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পরপরই সেখানে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। ঘটনার সঙ্গে জড়িত কেউ শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে মুক্তিপণ বা আর্থিক কোনো বিষয়ে যোগাযোগ করেননি। শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তাঁরা।