সড়ক দুর্ঘটনা প্রতিরোধের উদ্যোগের বাস্তবায়ন নেই

দিনাজপুর জেলায় ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ১৮ অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৩৮৮ জন নিহত এবং ৩৯৪ জন আহত হয়েছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন হারুন অর রশিদ। পথে ট্রাক্টরের ধাক্কায় ডান পা ও ডান হাত ভেঙে যায় হারুনের। এ ঘটনা গত বছর মার্চ মাসের। হারুন অর রশিদ নিরাপদ সড়ক চাই আন্দোলনের দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক। ২০০৩ সালে হারুনের বড় ভাই এবং তার কয়েক বছর আগে আপন মামা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

দিনাজপুরে হারুনের স্বজনদের মতো সড়ক দুর্ঘটনায় গত তিন বছরে ৩৮৮ জন প্রাণ হারিয়েছেন। আবার সড়ক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে অতিকষ্টে জীবন চালাচ্ছেন এমন ব্যক্তির সংখ্যাও কম নয়। পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় বাঁ পা হারিয়েছেন ফুলবাড়ী উপজেলার ঈদুল মিয়া (৪৫)। ছিলেন ট্রাক্টরচালক। এখন ১৩ বছর বয়সী ছেলেকে সঙ্গে নিয়ে ট্রেনে বাদাম বিক্রি করে কোনোরকমে সংসার চলছে তাঁর।

* সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ২০১৬ সালে জেলা প্রশাসন কিছু সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়ণের উদ্যোগ নেয়। * আজ পর্যন্ত ওইসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি বিআরটিএ ও প্রশাসন।

দিনাজপুরে কয়েক বছরে অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব সড়ক দুর্ঘটনার পর মানববন্ধন হয় ও মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করা হয়। আজ ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস। এই দিবসেও দিনাজপুরে নানা কর্মসূচি পালন করা হয়। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নানা উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। কিন্তু এসব উদ্যোগ বাস্তবায়ন হয় না, থেকে যায় কাগজ-কলমে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) দিনাজপুর শাখার তথ্যমতে, জেলায় ২০১৮ সালে ৯৪টি সড়ক দুর্ঘটনায় ৮৩ জন নিহত ও ১৬৪ জন আহত, ২০১৯ সালে ১৩০টি দুর্ঘটনায় ১২৩ জন নিহত ও ৫৬ আহত এবং ২০২০ সালে ৭৭টি সড়ক দুর্ঘটনায় ৯৯ জন নিহত ও আহত হয়েছেন ৭৭ জন। করোনাকালে বেশির ভাগ সময় পরিবহন বন্ধ ছিল। তবে জেলা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ ঘেঁটে দেখা যায়, ২০২১ সালের জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ৭২টি সড়ক দুর্ঘটনায় ৮৩ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৯৭ জন। নিসচা ও বিভিন্ন পত্রিকার প্রতিবদন অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ১৮ অক্টোবর পর্যন্ত ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় ৩৮৮ জন নিহত এবং ৩৯৪ জন আহত হয়েছেন। এর মধ্যে বিরল, বীরগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা বেশি হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ২০১৬ সালের এপ্রিলে তৎকালীন জেলা প্রশাসক মীর খায়রুল আলম ট্রাক্টর মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পরবর্তী ছয় মাসের মধ্যে জেলায় চলাচলকারী ট্রাক্টর ও চালকদের নিবন্ধন, মালামাল পরিবহনের ক্ষেত্রে ট্রলির উচ্চতা নির্ধারণ, শহরের নির্ধারিত রুটে চলাচলের সময়সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বিআরটিএ, ট্রাক্টরমালিক ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।

বিঅারটিত্র দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘ট্রাক্টরগুলোর নিবন্ধন করার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারা গুরুত্ব দেয় না। আমরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। তবে জনবলের সংকটের কারণে বিআরটিএর কাজে ধীরগতি চলছে।’