সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে গতকাল বক্তৃতা করেন ওবায়দুল কাদের। পাশে ইলিয়াস কাঞ্চন l প্রথম আলো
গোলটেবিল বৈঠকে গতকাল বক্তৃতা করেন ওবায়দুল কাদের। পাশে ইলিয়াস কাঞ্চন l প্রথম আলো

পরস্পরের ওপর দোষ না চাপিয়ে সবাই মিলে সমন্বিত উদ্যোগ নিলে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।
প্রথম আলো আয়োজিত ‘সড়ক দুর্ঘটনা রোধে দরকার সমন্বিত উদ্যোগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ অভিমত দেন। গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে এ গোলটেবিল বৈঠক বসে।
বৈঠকে সড়ক দুর্ঘটনা বন্ধ করতে চালকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া, ওভারটেকিং বন্ধ করা, গাড়ির গতিসীমা ঠিক করে দেওয়া, চালকদের বিশ্রাম দেওয়া, দুর্ঘটনাপ্রবণ এলাকায় সড়ক বিভাজক দেওয়া, মান যাচাই করে (ফিটনেস) সড়কে গাড়ি নামানো, আইনের যথাযথ প্রয়োগ, যাত্রীদের সচেতনতাসহ নানা মত উঠে আসে।
বৈঠকের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘পৌনে চার বছর এই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আমার মনে হচ্ছে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন কাজ। চালকেরা বেপরোয়া। তারা ওভারটেকিং করতে চায়। তাদের নিয়ন্ত্রণ করা কঠিন। তবে আমি শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে থাকার মন্ত্রী না। আমি নিজেই সব জায়গায় ছোটাছুটি করছি। নানা উদ্যোগ নিয়েছি। এখন দুর্ঘটনা অনেকটাই কমেছে। সবাই মিলে চেষ্টা করলে সমাধান হবেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে নছিমন-করিমনসহ তিন চাকার যানের কারণে অসংখ্য দুর্ঘটনা ঘটে। মহাসড়ক থেকে এগুলো বন্ধ করা খুব কঠিন কাজ ছিল। কিন্তু আমরা সেটা করেছি। পুরোপুরি বন্ধ না হলেও মহাসড়কে এগুলোর চলাচল ৯০ শতাংশ নিয়ন্ত্রিত হয়েছে। এর ফলে দুর্ঘটনা অনেক কমে গেছে। এবার ঈদেও দুর্ঘটনা কমেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘তবে আমি অল্পতেই তৃপ্ত নই। আমি যখন দেখি রাস্তায় লোকজন যানজটে কষ্ট করছে, যখন দেখি দুর্ঘটনা ঘটছে, আমার কষ্ট লাগে। মাঝে মাঝে খুব অসহায়ও লাগে। এ দেশের অসাধারণ মানুষেরা আইন মানতে চান না। উল্টো পথে গাড়ি চালান। থ্রি হুইলার চলার অনুমতি দেওয়ার জন্য জনপ্রতিনিধিরা অনুরোধ করেন। ফুটপাত উচ্ছেদ করতে যাবেন, সেখানেও রাজনীতি। বিআরটিএর দুর্নীতি কমলেও পুরোপুরি বন্ধ হয়নি। আর আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে। তবে সদিচ্ছা থাকলে সমস্যার সমাধান সম্ভব।’
বৈঠকের সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। শুরুতেই একটি ভিডিওচিত্রের মাধ্যমে বাংলাদেশ ও একটি উন্নত রাষ্ট্রের সড়ক পরিবহনব্যবস্থার নানা দিক তুলে ধরেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, পরস্পরের ওপর দোষ চাপিয়ে দূরে সরে গেলে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে।
সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী বলেন, পরীক্ষা না দিয়ে ভুয়া লাইসেন্স পেয়ে যান অনেক চালক। কিন্তু উন্নত দেশে সেই সুযোগ নেই। এটি বন্ধ করতে হবে। কীভাবে সড়ক ব্যবহার করতে হয়, সেটাও ছোটবেলা থেকেই শেখাতে হবে।
ঢাকা রেঞ্জের পুলিশের মহাপরিদশর্ক এস এম মাহফুজুল নুরুজ্জামানও এর সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আমি আমার বাবাকে হারিয়েছি। নিজে আহত হয়ে হাসপাতালে ছিলাম। আরেকবার দুর্ঘটনায় আমার বোন ও চাচা মারা গেছে। আমি এই কষ্টটা বুঝি। একটা পরিবার নিঃস্ব হয়ে যায়। কীভাবে রাস্তা পার হতে হয়, কীভাবে সড়কে চলাচল করতে হয়—এই বিষয়গুলো পাঠ্যপুস্তকে থাকা উচিত।’
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘আমাদের পর্যাপ্ত চালক নেই। এটা একটা বড় সমস্যা।’ চালকদের ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে দুর্ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ঠিকমতো কাজ করলে দুর্ঘটনা কমে যাবে।’
ব্র্যাকের নিরাপদ সড়ক কর্মসূচির ব্যবস্থাপক অপূর্ব কুমার সাহা বলেন, জেলা ও উপজেলাগুলোতে সড়ক দুর্ঘটনা বন্ধ করতে কমিটি আছে। কিন্তু সেই কমিটিগুলো কার্যকর নয়। আর যাঁরা চালক আছেন, তাঁদের যদি মানবিকতা ও মূল্যবোধের শিক্ষাটা দেওয়া যেত, তাহলে দুর্ঘটনা কমত।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশে গণপরিবহনের ভয়াবহ সংকট। ফুটপাত দিয়ে চলাচল করা যায় না। আবার যাত্রীরাও সচেতন নয়। দুর্ঘটনা নিয়ে তথ্যের লুকোচুরি আছে। সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, ৭৬ শতাংশ দুর্ঘটনা ঘটে যানবাহনের মুখোমুখি সংঘর্ষে। সড়ক বিভাজক দিয়েই এ সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।’
ব্র্যাকের গাড়িচালক শরীফা বেগম বলেন, ‘আমি যথাযথ প্রশিক্ষণ নিয়েছি। তিন বছর ধরে গাড়ি চালাচ্ছি। কখনো কোনো দুর্ঘটনায় পড়িনি। গাড়ি চালানোর সময় আমি সব দুশ্চিন্তা বাদ দিই। ফলে গাড়ির আরোহীর যেমন জীবন বাঁচে, আমার এবং আমার পরিবারেরও জীবন বাঁচে।’