সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ৭ দিন পর স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার সাত দিন পর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাহিদ হাসান চৌধুরী উপজেলার রাজানগর ইউনিয়নের আরএবিএম উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তুফান আলী চৌধুরী বাড়ীর সালাম চৌধুরীর ছেলে।

রাজানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, ইউনিয়নের সাতগড়িয়া পাড়া এলাকায় ১৩ ফেব্রুয়ারি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয় জাহিদ। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাতটার দিকে তার মৃত্যু হয়।

নিহত জাহিদের মামাতো ভাই ওবাইদুল ইসলাম চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় জাহিদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। এত দিন সে চমেক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিল। তার লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হচ্ছে।