সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল একজন নিহত হয়েছেন।
দিনাজপুর হাইওয়ে পুলিশের চম্পাতলী ফাঁড়ির এএসআই মো. আকতারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দশমাইল দরবারপুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৪০) চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাউগাঁ এলাকায় একটি দ্রুতগামী পিকআপ একটি রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ভ্যানচালক হাফিজুর রহমান (২২) ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার ৪ নম্বর শশড়া ইউনিয়নের রাজাপুকুর গ্রামের বাসিন্দা। উল্লাপাড়া থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কয়রা বাজার থেকে উল্লাপাড়া সদরে যাওয়ার পথে বাজারের পাশে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটি দ্রুত চলে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই নছিমনযাত্রী সুলতান হোসেন (৪৫) নিহত ও অপর তিন যাত্রী গুরুতর আহত হন।