সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফ হোসেন
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরিফ হোসেন (২৪) ও তাঁর বাবা আবদুল আজিজ (৬০) নিহত হয়েছেন। কোনো ট্রাক্টরের ধাক্কায় তাঁরা নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন। রোববার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুন বন্দর এলাকায় হাড়িভাসা-চাকলাহাট সড়কে এই ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য হিসেবে চট্টগ্রামে কর্মরত ছিলেন। তাঁর বাবা নিহত আবদুল আজিজ সম্প্রতি বিজিবি থেকে অবসর নিয়েছেন। তাঁদের বাড়ি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়।

নিহত আরিফের স্ত্রীর বড় ভাই রিফাত ইসলাম বলেন, ‘আরিফ বিয়ে উপলক্ষে এক মাসের ছুটিতে বাড়িতে এসেছিল। গত ২৫ মার্চ আমার ছোট বোনের সঙ্গে তাঁর বিয়ে হয়। আজ (রোববার) সন্ধ্যায় তাঁর (আরিফের) কর্মস্থল চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। এর আগেই বাবা-ছেলে দুজন শেষ হয়ে গেল।’

স্বজন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে আরিফ হোসেন তাঁর বাবা আবদুল আজিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চাকলাহাট থেকে হাড়িভাসা-চাকলাহাট সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলেন। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় সড়ক কিছুটা ফাঁকা ছিল। বৃষ্টি কমে যাওয়ার পর স্থানীয় লোকজন সড়কের ওপর যুবক আরিফকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশেই কাতরাচ্ছিলেন বৃদ্ধ আবদুল আজিজ। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঘটনাস্থল থেকে আরিফের লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। আর গুরুতর আহত অবস্থায় আবদুল আজিজকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল বলেন, ঘটনার সময় ঝড়-বৃষ্টি চলায় কীভাবে ওই ঘটনা ঘটেছে, তা কেউ পরিষ্কার করে বলতে পারছেন না। তবে কোনো ট্রাক্টরচালক তাঁদের ধাক্কা দিয়ে পালিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। সে হিসেবেই তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।