সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর ৭ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাঙামাটির কাপ্তাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় বালুবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার চন্দ্রঘোনা থানার রাইখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই সময় ঘটনাস্থলেই নিহত হন পারুল দাশ (৫০)। এর সাত ঘণ্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তাঁর স্বামী মাখন দাশ (৬২)। তাঁদের বাড়ি চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী প্রথম আলোকে বলেন, বাঙ্গালহালিয়া থেকে আসা বালুবাহী একটি ট্রাক রাইখালী এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেন। এ সময় পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ অটোরিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁদের স্থানীয় চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মাখন দাশ মারা যান।

পুলিশ কর্মকর্তা ইকবাল বাহার বলেন, নিহত পারুল দাশের ভাই দিলীপ দাশ বাদী হয়ে গতকাল রাতে চন্দ্রঘোনা থানায় অজ্ঞাত চালককে আসামি করে মামলা করেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।