সড়ক নেই, সেতুর পাশে বাস শুধু দুই পরিবারের

সেতুটি দুটি ইউনিয়নকে সংযুক্ত করেছে। যে অংশে ফসলি জমি সেখানে সেতু। মূল জনবসতি সেতু থেকে ৬০০ মিটার দূরে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাটি ও ইট ফেলে সেতু দিয়ে যাতায়াত করেন দুটি পরিবারের সদস্যরা। সম্প্রতি বগুড়ার গাবতলীর প্রথমারও ছেও গ্রামে
ছবি : প্রথম আলো

এপারে পাকা সড়ক, ওপারে দুটি বসতবাড়ি আর বিস্তীর্ণ ফসলি জমি। মধ্যখানে ইছামতীর ছোট শাখা নদী। দুটি বসতবাড়ির লোকজন আর ফসলের মাঠে কাজ করতে যাওয়া কৃষকদের নদী পারাপারের জন্য দুই বছর আগে শাখা নদীর ওপর নির্মাণ করা হয় এই সেতু। এতে ব্যয় হয় ৩১ লাখ টাকা। কিন্তু এক পাশে সংযোগ সড়ক থাকলেও অপর পাশে না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছেন না কেউ।

বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আমতলীপাড়ায় আরসিসি সেতুটি নির্মাণ করা হয় ২০১৮-১৯ অর্থবছরে। সেতুটি সংযুক্ত করেছে নদীর ওপারের নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও গ্রামকে। কিন্তু সেতুর এ পাশে কোনো সড়ক নেই। গ্রামের এ পাশে বাস করে মাত্র দুটি পরিবার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় এই সেতুর নির্মাণকাজ বাস্তবায়ন করে।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, রাস্তা না থাকলেও শুধু দুই পরিবারের লোকজনের পারাপারের জন্য তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একক সিদ্ধান্তে সেতুটি নির্মাণ করেন। স্থান নির্ধারণে ভুল সিদ্ধান্তের কারণেই সেতুটি কোনো কাজে আসছে না।

নেপালতলী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নূর ইসলাম বলেন, ইছামতীর এই শাখা নদী গাবতলী উপজেলার নেপালতলী ও নাড়ুয়ামালা ইউনিয়নের সীমানাকে আলাদা করেছে। নাড়ুয়ামালা ইউনিয়নের প্রথমার ছেও গ্রামের যে পাশে মূল জনবসতি সেখানে সেতুটি নির্মাণ করা হয়নি। নির্মাণ করা হয়েছে মূল গ্রাম থেকে ৬০০ মিটার দূরে।

গাবতলী-সোনাতলা পাকা সড়কের পাশেই ইছামতী শাখা নদীর পাড়ে আমতলী মহাশ্মশান। এর পাশে ৩৬ ফুট দৈর্ঘ্যের সেতুর নির্মাণকাজ শেষ হয় ২০১৯ সালের জুনে। সেতুর অপর পাশে বাস প্রথমার ছেও গ্রামের মামুনুর রশিদ এবং ফজলুর রহমানের পরিবারের। কয়েক বছর আগে তাঁরা এখানে বসতি গড়ে তোলেন। বর্ষাকালে পারাপারের জন্য নদীতে মাটির বাঁধ দিয়ে কাঁচা রাস্তা তৈরি করেন।

দুই বাড়ির বাসিন্দাদের একজন আরিফুল ইসলাম বলেন, নিচু মেঠোপথ থেকে উঁচু সেতুতে ওঠা যায় না, সাইকেল–ভ্যান দূরে থাক, পায়ে হেঁটেও পারাপার হওয়া যায় না। আরেক বাড়ির বাসিন্দা রিনা বেগম বলেন, বর্ষাকালে আইল দিয়ে কাদাপানি মাড়িয়ে সেতুতে উঠতে গেলে পা পিছলে যায়।

নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গোফফার বলেন, প্রথমার ছেও গ্রামের মসজিদের পাশে নদীর ওপর সেতু নির্মাণের দাবি ছিল স্থানীয় লোকজনের। এই স্থানটিও সেতু নির্মাণের জন্য চূড়ান্ত হয়েছিল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একাধিকবার সেতুর স্থান পরিদর্শন করেও যান। কিন্তু পরে হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে যায়। পরে মাত্র দুটি বাড়ির জন্য অন্য জায়গায় সেতু নির্মাণ করা হয়। স্থান পরিবর্তনের বিষয়ে পরে পিআইওকে জিজ্ঞাসা করা হলেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

গাবতলী উপজেলার পিআইও রাশেদুল ইসলাম বলেন, নদী পারাপারে সুবিধার জন্য নয়। শাখা নদীতে মাটির বাঁধ দেওয়ায় পানিনিষ্কাশন বন্ধ হয়। এতে পানির অভাবে শ্মশানে দাহ কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বাধ্য হয়ে সেখানে বাঁধ কেটে সেতু নির্মাণ করে দেওয়া হয়।